ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

নরসিংদীতে জজ ভূইয়া স্পিনিং মিলে অগ্নিকাণ্ড, ব্যাপক ক্ষতি

নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ১০:৫৮, ২ মে ২০২২
নরসিংদীতে জজ ভূইয়া স্পিনিং মিলে অগ্নিকাণ্ড, ব্যাপক ক্ষতি
ফাইল ছবি

নরসিংদীতে মাধবদীর নওয়াপাড়া এলাকায় প্রতিষ্ঠিত জজ ভূইয়া গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান জজ ভূইয়া স্পিনিং মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২ মে) সকাল ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

নরসিংদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উপ সহকারী পরিচালক মো. নুরুল ইসলাম অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকালে মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের পর ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। 

নরসিংদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উপ-সহকারী পরিচালক মো. নুরুল ইসলাম জানান, সকাল ৯টা ৭ মিনিটে অফিসে খবর আসে জজ ভূইয়া স্পিনিং মিলে আগুন লাগে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে নরসিংদী থেকে তিনটি ইউনিট, মাধবদী থেকে দুটি ইউনিট ও পলাশ থেকে একটি ইউনিট প্রায় দুইঘণ্টার চেষ্টার পর আগুন প্রাথমিকভাবে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। 

তিনি আরো জানান, ঈদের ছুটিতে মিলের শ্রমিকরা চলে যায়। এই অবস্থায় সকাল প্রায় ৯টার দিকে আগুন লাগলে কারখানার পক্ষ থেকে ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের দল ছুটে এসে কাজ করে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই আগুনের সূত্রপাত। কারখানাটি যেহেতু স্পিনিং মিল তাই আগুন লাগার সঙ্গে সঙ্গে আগুনের লেলিহাল শিখা দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। এরই মধ্যে পুড়ে গেছে মিলের মূল্যবান মেশিন, যস্ত্রাংশ, তুলা ও কাপড়সহ প্রায় শতাধিক মেশিন। 

আগুনে ক্ষয়ক্ষতির বিষয়ে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা জানান, প্রায় দুইঘণ্টার বেশি সময় লেগেছে আগুন নিয়ন্ত্রণে আনতে। কারখানাটি স্পিনিং হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে সময় বেশি লেগেছে। এছাড়া ক্ষতিটাও কিছুটা বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনার পর সম্পূর্ণভাবে ডাম্পিং করতে আরো একঘণ্টা সময় লেগেছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!