ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

ফরিদগঞ্জে টাকার বিনিময়ে ছাত্রদলের কমিটি, প্রতিবাদে ঝাড়ু মিছিল

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৩১, ১ মে ২০২২
ফরিদগঞ্জে টাকার বিনিময়ে ছাত্রদলের কমিটি, প্রতিবাদে ঝাড়ু মিছিল
ফাইল ছবি

চাঁদপুরের ফরিদগঞ্জে টাকার বিনিময়ে অছাত্র ও বিবাহিতদের নিয়ে ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণার প্রতিবাদে ঝাড়ু মিছিল করেছে পদবঞ্চিত নেতাকর্মীরা। উপজেলার গোবিন্দপুর উত্তর, চরদুঃখিয়া পূর্ব, চরদুঃখিয়া পশ্চিম ও সুবিদপুর পূর্ব ইউনিয়নে টাকার বিনিময়ে ছাত্রদলের কমিটি গঠনের অভিযোগ উঠেছে।

গত কয়েকদিন ধরে এসব কমিটি গঠনের প্রতিবাদ করে আসছেন ছাত্রদলের পদবঞ্চিত নেতাকর্মীরা। সর্বশেষ ২৯ এপ্রিল চরদুঃখিয়া পূর্ব ও চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীরা এর প্রতিবাদ জানিয়ে ঝাড়ু মিছিল করেন।

শুক্রবার ফরিদগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান মঞ্জুর ও সদস্য সচিব শাওন চৌধুরীর বিরুদ্ধে চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়ন ছাত্রদলের ঝাড়ু মিছিলে তীব্র প্রতিবাদ জানানো হয়।

চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নের ছাত্রদলের নেতা নাজমুল হাছান জিহাদ, মাহিম খান, রাজু গাজী, কাইয়ুম ইসলাম মিরাজ, শামিম মীর, ফাহাদ হোসেনসহ বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা ঝাড়ু মিছিলে অংশ নেন।

মিছিল শেষে সমাপনী বক্তব্যে নাজমুল হাছান জিহাদ বলেন, নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক শিহাবকে দলীয় কোনো মিটিং কিংবা মিছিলে কখনো অংশগ্রহণ করতে দেখা যায়নি। এছাড়া এ কমিটির সিনিয়র সহ-সভাপতি মানিক কিছুদিন আগে প্রবাস থেকে ঈদের ছুটি কাটাতে দেশে এসেছেন। তিনি টাকার বিনিময়ে সিনিয়র সহ-সভাপতির পদ পেয়েছেন। উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান মঞ্জুর ও সদস্য সচিব শাওন চৌধুরী সংগঠনের কোনো নিয়মনীতি না মেনেই টাকার বিনিময়ে অছাত্র ও বিবাহিতদের নিয়ে ইউনিয়ন ছাত্রদলের কমিটি গঠন করেছেন। আমরা এ কমিটি মানি না।

ডেইলি-বাংলাদেশ/আরএম/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!