ক্ষমা চেয়ে থানা থেকে ছাড়া পেলেন ছাত্রদলের সভাপতি
মোটরসাইকেল আরোহীকে ধাক্কা দেওয়ার অভিযোগে পুলিশের হাতে আটককৃত বরিশাল মহানগর ছাত্রদলের সভাপতি অ্যাডভোকেট রেজাউল করিম রনি অবশেষে ক্ষমা চেয়ে থানা থেকে ছাড়া পেয়েছেন।
সম্প্রতি এ ঘটনা বরিশাল মহানগর এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। নগরীর সদর রোড টাউন হলের সামনে থেকে তাকে আটক করা হয়।
মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির জানান, সম্প্রতি ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। এ খবর পেয়ে নতুন কেন্দ্রীয় কমিটির নেতাদের শুভেচ্ছা জানিয়ে জেলা ও মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা নগরীতে মিছিল বের করেন। শুভেচ্ছা মিছিল চকবাজার এলাকা অতিক্রমের সময় এক কর্মীর সঙ্গে এক পথচারীর ধাক্কা লাগে। পরে ঐ পথচারী থানায় অভিযোগ করেন। সে কারণে মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল করিম রনিকে আটক করে পুলিশ।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিমুল করিম জানান, মিছিলের পূর্বানুমতি ছিল না। মিছিলের কারণে নগরীর ব্যস্ততম সড়কে যান চলাচলে বিঘ্ন ও বিশৃঙ্খলা ঘটার আশঙ্কা ছিল। মিছিলটি চকবাজার থেকে যাওয়ার সময় নেতাকর্মীদের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী শরিয়তপুরের পুলিশ সদস্য ও তার স্ত্রী রাস্তায় পড়ে ব্যথা পান। মোটরসাইকেল আরোহী থানায় বিষয়টি জানালে রেজাউল করিম রনিকে আটক করা হয়। পরে রনি মোটরসাইকেল আরোহীর কাছে ক্ষমা চান।