মাদারীপুরে ২ লঞ্চকে জরিমানা
সরকারি বিধিনিষেধ অমান্য করে অতিরিক্ত যাত্রী বহনের অপরাধে মাদারীপুরের বাংলাবাজার ঘাটে দুটি লঞ্চকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার বেলা ১১টার দিকে এমভি সাগর ও এমএল দিপু-১ লঞ্চের মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এম রাকিবুল হাসান।
জানা গেছে, ঈদুল ফিতর উপলক্ষে শুক্রবার সকাল থেকে বাংলাবাজার-শিমুলিয়া নৌপথে ঢাকা থেকে ঘরমুখো যাত্রীরা ফিরতে শুরু করেছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে লঞ্চে যাত্রীদের চাপ বাড়ছে। দুপুরে শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম রাকিবুল হাসানের নেতৃত্বে বাংলাবাজার ঘাটে অভিযান চালানো হয়।
এ সময় ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী বহন করায় পুলিশ ও বিআইডব্লিউটিএ কর্মকর্তাদের উপস্থিতিতে দুটি লঞ্চকে ১৫ হাজার টাকা করে জরিমানা করেন তিনি।
নির্বাহী ম্যাজিস্ট্রেট এম রাকিবুল হাসান বলেন, ঈদে যাত্রী সেবা নিশ্চিতে ঘাট এলাকায় ভ্রাম্যমাণ আদালত, পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োজিত রয়েছে। সরকারের নির্দেশনা অমান্য করে আর কোনো লঞ্চ অতিরিক্ত যাত্রী বহন করলে তাদেরও আইনের আওতায় আনা হবে।
বিআইডব্লিউটিএ’র বাংলাবাজার ঘাট পরিদর্শক আক্তার হোসেন বলেন, অতিরিক্ত যাত্রী নিয়ে শিমুলিয়া থেকে আসা দুটি লঞ্চকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার সকাল থেকেই যাত্রীর চাপ রয়েছে। চাপ সামাল দিতে বাংলাবাজার ঘাট থেকে আমরা খালি লঞ্চ শিমুলিয়া ঘাটে পাঠাচ্ছি।