ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

৩৬ দিন পর ১৮ লঞ্চকে চলাচলের অনুমতি, ঘাটে আনন্দ মিছিল

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০০:২৮, ২৫ এপ্রিল ২০২২
৩৬ দিন পর ১৮ লঞ্চকে চলাচলের অনুমতি, ঘাটে আনন্দ মিছিল
লঞ্চঘাট (ফাইল ছবি)

নারায়ণগঞ্জ লঞ্চ টার্মিনাল ঘাট থেকে পুরোনো সানকিন ডেক টাইপের ১৮টি লঞ্চকে চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। দীর্ঘ ৩৬ দিন বন্ধ থাকার পর ঈদকে সামনে রেখে যাত্রী সাধারণের সুবিধার্থে এক মাসের জন্য ১৮টি লঞ্চকে চলাচলের অনুমতি দেওয়া হয়। 

এরমধ্যে নারায়ণগঞ্জ-চাঁদপুর রুটে ১৩টি, নারায়ণগঞ্জ-রামচন্দ্রপুর রুটে দুটি, নারায়ণগঞ্জ-নড়িয়া (শরীয়তপুর) রুটে একটি, নারায়ণগঞ্জ-মতলব রুটে একটি, নারায়ণগঞ্জ-মুন্সীগঞ্জ রুটে একটি লঞ্চ চলাচল শুরু করেছে। এসব লঞ্চের সঙ্গে আগে থেকে চালু করা এমভি নিউ আরিফ, এমভি শম্পা, এমভি গ্রিন ওয়াটার-৭ ও সোনারতরী-৫ চলাচল করবে। তবে মুন্সীগঞ্জ-মতলব-মাছুয়াখালী রুটের বেশিরভাগ লঞ্চগুলো বন্ধ থাকবে।

লঞ্চ চলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় রোববার লঞ্চ টার্মিনাল ঘাট এলাকায় আনন্দ মিছিল করেছেন শ্রমিক কর্মচারীরা। জাহাজী শ্রমিক ফেডারেশনের ব্যানারে তারা এই আনন্দ মিছিল করেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি মঈন মাহামুদ, আক্তার হোসেন, কবির হোসেন, শাহাদাৎ হোসেন, সাইফুল ইসলাম প্রমুখ।

এ ব্যাপারে বিআইডব্লিউটিএর নারায়ণগঞ্জ নদী বন্দরের উপপরিচালক (নৌ-নিরাপত্তা ও ট্রাফিক) বাবু লাল বৈদ্য বলেন, এক মাসের জন্য পরীক্ষামূলক মোট ১৮টি লঞ্চ চালুর অনুমতি দেওয়া হয়েছে। এজন্য ছয়টি শর্তও দেওয়া হয়েছে। অনুমতি দেওয়া লঞ্চগুলোকে এক বছরের মধ্যে আপার ডেক করার নির্দেশনা দেওয়া হয়েছে। 

এর আগে গত ২০ মার্চ শীতলক্ষ্যা নদীতে কার্গো জাহাজ রূপসী-৯-এর ধাক্কায় যাত্রীবাহী লঞ্চ এম.এল আফসার উদ্দিন ডুবে ১০ জনের মৃত্যু হয়। এ ঘটনার পর দুর্ঘটনা ও প্রাণহানি এড়াতে নারায়ণগঞ্জ থেকে পাঁচ রুটে চলাচলকারী ৭০টি যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিএ।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!