চায়ের দোকানে বসে ডাকাতির পরিকল্পনা করছিল ‘টেনশন গ্রুপ’
চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকায় অভিযান চালিয়ে ‘টেনশন গ্রুপ’ নামে কিশোর গ্যাংয়ের ৯ সদস্যকে আটক করেছে র্যাব।
মঙ্গলবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার। এর আগে, সোমবার রাতে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- বায়েজিদ বোস্তামী থানার মীরপাড়া এলাকার ওবায়দুল হকের ছেলে মো. রুবেল, একই থানার বার্মা কলোনি পূর্ব পাড়ার খোরশেদ আলমের ছেলে মো. সালাহ উদ্দিন, আমিন কলোনির মো. কুদ্দুসের ছেলে মো. ওমর হাসান ও আবদুল গফুরের ছেলে সাঈদ আলম, বাস্তুহারা এলাকার মো. সুলতানের ছেলে মো. সাগর, ভোলার লালমোহন উপজেলার কুঞ্জেরহাট এলাকার মো. রুস্তমের ছেলে মো. শাকিল, বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার পাতারহাট থানার নাসির গাজীর ছেলে মো. সজিব, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাশারু এলাকার মো. হাবিবের ছেলে মো. হৃদয় এবং চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কোটপাড়া এলাকার মো. দলিলুর রহমানের ছেলে মো. হাবিবুর রহমান।
র্যাব জানায়, বায়েজিদ বোস্তামী থানা এলাকার একটি চায়ের দোকানে একত্রিত হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে কিশোরদের একটি গ্রুপ- এমন সংবাদে সেখানে অভিযান চালিয়ে গ্রুপটির ৯ সদস্যকে আটক করা হয়। তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের চারটি ধারালো চাকু উদ্ধার করা হয়।
র্যাব কর্মকর্তা নুরুল আবছার বলেন, আটকরা সবাই ‘টেনশন গ্রুপ’ নামে একটি কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য। দীর্ঘদিন ধরে নগরীর বায়েজিদ বোস্তামীসহ বিভিন্ন থানা এলাকায় ডাকাতি ও ছিনতাই করে আসছে তারা। তাদের প্রকাশ্য কোনো জীবিকার মাধ্যম নেই। মূলত ঈদুল ফিতর উপলক্ষে ঘুরমুখো মানুষদের টার্গেটের পর অস্ত্রের মুখে জিন্মি করে টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নেয়াই ছিল তাদের উদ্দেশ্য। পরবর্তী আইনি ব্যবস্থা নিতে তাদের বায়েজিদ বোস্তামী থানায় হস্তান্তর করা হয়েছে।