ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

গড়াই নদে ডুবে ভাগনির মৃত্যু, খালা নিখোঁজ

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: ২০:০৩, ২৫ এপ্রিল ২০২২
গড়াই নদে ডুবে ভাগনির মৃত্যু, খালা নিখোঁজ
উদ্ধারকৃত লাশ: ছবি ডেইলি বাংলাদেশ

কুষ্টিয়ার কুমারখালীতে গড়াই নদে গোসল করতে গিয়ে নিখোঁজের চারঘণ্টা পর মিম খাতুন নামে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার বিকেল পৌনে ৫টার দিকে উপজেলার সদকী ইউনিয়নের জিলাপীতলা এলাকা সংলগ্ন গড়াই নদে এ ঘটনা ঘটে। নদে এখনো নিঁখোজ রয়েছেন তার খালা চামেলী খাতুন। 

মিম ওই এলাকার গাফ্ফার মোল্লার নাতনি ও খোকসা উপজেলার শোমসপুর ইউনিয়নের দুধসারি গ্রামের মাসুদ রানার মেয়ে এবং নিখোঁজ চামেলী গাফফার মোল্লার মেয়ে ও একই ইউনিয়নের সন্তোষপুর গ্রামের তরিকুল রহমানের স্ত্রী।

পুলিশ, ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার দুপুর ১টার দিকে জিলাপীতলা এলাকা সংলগ্ন গড়াই নদে মিম,  তার খালা চামেলী, নানি রাজিয়া ও মামাতো বোন নীলা  গোসল করতে যায়। গোসলের সময় সাঁতার কাটতে গিয়ে নিঁখোজ হয় মিম। এ সময় মিমকে খুঁজতে গিয়ে নানি, খালা ও মামাতো বোন নিঁখোজ হয়। স্থানীয়রা টের পেয়ে নানি ও খালাতো বোনকে উদ্ধার করে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার অভিযান চালায়। এরপর নিখোঁজের প্রায় ৪ ঘণ্টা পর বিকেল পৌনে ৫টার দিকে মিমের লাশ উদ্ধার করে স্থানীয়রা। তবে এখনো নিঁখোজ রয়েছে খালা চামেলী।

সদকী ইউনিয়ন পরিষদের মেম্বর নজরুল ইসলাম বলেন, মেয়ে, খালা, বোন ও নানি গোসল করতে যায় নদে। এ সময় মিম ডুবে গেলে অন্যান্যরা খোঁজাখুঁজি করেন। খুঁজতে গিয়ে খালা চামেলী এখনো নিঁখোজ।

কুমারখালী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সরোয়ার বলেন, গোসল করতে গিয়ে দুইজন নিখোঁজ ছিলেন। স্থানীয়দের সহযোগিতায় মিম নামের একজনের লাশ পাওয়া গেছে। নিখোঁজ চামেলীকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

কুমারখালী থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, নিখোঁজ দুজনের মধ্যে একজনের লাশ পাওয়া গেছে। অন্যজনকে উদ্ধার করতে অভিযান অব্যাহত রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
ট্যাগ: কুষ্টিয়া
লিংক সফলভাবে কপি হয়েছে!