ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

কুষ্টিয়ায় গুলি করে হত্যা, ২২ বছর পর একজনের যাবজ্জীবন 

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩১, ১৫ মার্চ ২০২২
কুষ্টিয়ায় গুলি করে হত্যা, ২২ বছর পর একজনের যাবজ্জীবন 
দণ্ডপ্রাপ্তকে নেয়া হচ্ছে কারাগারে

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় রনজিত কুমার সিংহ রায় নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যার ঘটনায় দাউদ হোসেন দাউদ নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৫ মার্চ) বিকেলে দিকে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. তাজুল ইসলাম এ রায় দেন। 

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি দাউদ কুষ্টিয়া সদর উপজেলার নওয়াপাড়া এলাকার মৃত শের আলীর ছেলে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পরপরই দণ্ডপ্রাপ্ত আসামিকে পুলিশ পাহারায় জেলা কারাগারে পাঠানো হয়। 

আদালত সূত্রে জানা যায়,  ১৯৯৮ সালের ২০ অক্টোবর রনজিত কুমার সিংহ রায়ের ঘরে ভোর ৬টার ২০মিনিটের দিকে গুলির শব্দ শোনা যায়। পরিবারের লোকজন ও প্রতিবেশীরা দেখেন দুজন লোক ঘর থেকে বেরিয়ে মোটরসাইকেল নিয়ে দ্রুত পালিয়ে যায়। তাদের সঙ্গে আরো চারজন ছিল। পরিবারের লোকজন দ্রুত ঘরে গিয়ে দেখেন রনজিতের বুকে গুলি করে তারা পালিয়েছে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ভেড়ামারা থানা পুলিশ তার লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়। এ ঘটনায় নিহতের চাচাতো ভাই অসিত কুমার সিংহ থানার একটি হত্যা মামলা করেন।

মামলার তদন্ত শেষে ২০০৫ সালের ৩ এপ্রিল তদন্তকারী কর্মকর্তা দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় আসামির বিরুদ্ধে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। সাক্ষ্য প্রমাণ শেষে ১৫ মার্চ রায় ঘোষণার দিন ধার্য করেন। এ মামলায় ১৪ জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণ শেষে মঙ্গলবার আদালত এ রায় দেন। 

আদালতের পিপি অনুপ কুমার নন্দী বলেন, হত্যা মামলায় দোষী প্রমাণিত হওয়ায় আসামি দাউদকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!