ঢাকা,  রোববার   ২৫ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

স্টিকার তুলতেই বেরিয়ে এলো বাটার কারসাজি

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ১৪:২০, ২৪ এপ্রিল ২০২২
স্টিকার তুলতেই বেরিয়ে এলো বাটার কারসাজি
৭৯৯ টাকার স্টিকারের ওপরে ৯৯৯ টাকার স্টিকার

এক জোড়া স্যান্ডেলের দাম দেওয়া ছিল ১২৯৯ টাকা। ট্যাগে লাগানো স্টিকারে সেই মূল্য প্রদর্শন করছিল বাটা। কিন্তু স্টিকার তুলতেই বেরিয়ে এলো তাদের কারসাজি। আরেকটি স্টিকারে আগের দাম লেখা ছিল ৯৯৯। ক্রেতাদের বোকা বানিয়ে ৩০০ টাকা বাড়তি নিচ্ছিল প্রতিষ্ঠানটি।

আরেক জোড়া স্যান্ডেলে ৭৯৯ টাকার স্টিকারের ওপরে ৯৯৯ টাকার স্টিকার বসিয়ে বাড়তি ২০০ টাকা আদায় করছিল বাটা। একটু লাভ করতে গিয়ে গুনতে হলো ৩০ হাজার টাকা জরিমানা।

মূল্য কারসাজির অভিযোগ রাজশাহী নগরীর নিউমার্কেট এলাকার বাটা বিক্রয় কেন্দ্রকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

রোববার সকাল সাড়ে ১০টার দিকে শুনানি শেষে এ জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান-আল-মারুফ।

তিনি জানান, নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে ২২ এপ্রিল নগরীর নিউমার্কেট এলাকার বাটার ওই বিক্রয় কেন্দ্রটিতে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের বিভাগীয় কার্যালয়। এ সময় দুটি মডেলের স্যান্ডেলে মূল্য কারসাজির প্রমাণ পাওয়া যায়। পরে ওই স্যান্ডেল জব্দ করে বাড়তি মূল্য নেয়ার কারণ ব্যাখ্যা করতে রোববার বিভাগীয় কার্যালয়ের ডাকা হয়েছিল সংশ্লিষ্টদের।

শুনানিতে বাটার প্রতিনিধি উপস্থিত হলেও এ ঘটনার সন্তোষজনক জবাব দিতে পারেননি তিনি। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা আদায় করে রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!