ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

চাঞ্চল্যকর কাউন্সিলরপুত্র ‘সম্রাট ঝলক’ হত্যায় গ্রেফতার ২

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৯:২৯, ১৫ এপ্রিল ২০২২
চাঞ্চল্যকর কাউন্সিলরপুত্র ‘সম্রাট ঝলক’ হত্যায় গ্রেফতার ২
সম্রাট ঝলক হত্যায় ২ জন গ্রেফতার

নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে মুন্সীগঞ্জের চাঞ্চল্যকর ‘সম্রাট ঝলক’ হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-১১। শুক্রবার সকালে মুড়াপাড়া এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- মুন্সিগঞ্জ সদরের নৈদিঘীর পাথর এলাকার মৃত শরিয়ত মুন্সির ছেলে মো. জিল্লু এবং একই থানার শরিয়ত নগর এলাকার মোশারফ গোয়ালের ছেলে সুমন।

শুক্রবার বিকেলে সিদ্ধিরগঞ্জের আদমজীতে অবস্থিত র‍্যাব-১১ এর সদর দফতরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানানো হয়।

সম্মেলনে র‍্যাব-১১ এর উপ-অধিনায়ক মেজর মো. হাসান শাহরিয়ার জানান, গত ১৩ এপ্রিল মুন্সিগঞ্জ সদরের মিরকাদিম পৌরসভায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে ৬নং ওয়ার্ড কাউন্সিলর লিটনের পুত্র সম্রাট ঝলক নিহত হন। ওই ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে গতকাল মুন্সীগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

তিনি আরো বলেন, মুন্সীগঞ্জের মিরকাদিম লঞ্চঘাটের ইজারা ও আধিপত্য নিয়ে পৌরসভার নৈদিঘীর পাথর এলাকায় জিল্লুর গ্রুপের সঙ্গে ৬নং ওয়ার্ড কাউন্সিলর মো. লিটনের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ওই বিরোধের জের ধরে গত ১৩ এপ্রিল মিরকাদিম লঞ্চঘাট এলাকায় দুইপক্ষের মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হয় এবং একপর্যায়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে কাউন্সিলর মো. লিটনের ছেলে সম্রাট গুরুতর আহত হন। আহত অবস্থায় সম্রাটকে স্থানীয় জনগণ উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গ্রেফতারকৃতদের মুন্সীগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানিয়েছে র‌্যাব।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!