সাংবাদিককে গুলি করে হত্যা: গ্রেফতার ৪
কুমিল্লার বুড়িচংয়ে দুর্বৃত্তদের গুলিতে সাংবাদিক মহিউদ্দিন ওরফে নাঈম সরকার নিহতের ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন। এর আগে, বৃহস্পতিবার রাতভর জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারদের মধ্যে এজাহারনামীয় দুজন ও এজাহারবহির্ভূত দুজন রয়েছেন। এজাহারনামীয় দুজন হলেন- ৩৮ বছর বয়সী মো. ফরহাদ মৃধা ও ৩৪ বছরের মো. পলাশ মিয়া।
বৃহস্পতিবার রাতে বুড়িচং থানায় মামলা করেছেন নিহত মহিউদ্দিন সরকার নাঈমের মা নাজমা বেগম। মামলায় তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো পাঁচ-ছয়জনকে আসামি করা হয়েছে। মামলায় প্রধান আসামি করা হয়েছে শীর্ষ মাদক ও চোরাকারবারি মো. রাজুকে। তিনি জেলার আদর্শ সদর উপজেলার বিষ্ণপুর গ্রামের সাদেক মিয়ার ছেলে। তার বিরুদ্ধে বেশ কয়েকটি অস্ত্র, মাদক, চোরাচালানের মামলা রয়েছে।
১৩ এপ্রিল রাতে উপজেলার রাজাপুর ইউনিয়নের হায়দ্রাবাদনগর এলাকায় সাংবাদিক মহিউদ্দিনকে এলোপাতাড়ি গুলি করে হত্যা করা হয়। নিহত মহিউদ্দিন পাশের ব্রাহ্মণপাড়া উপজেলার মালাপাড়া ইউনিয়নের অলুয়া গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মোশারফ হোসেন সরকারের ছেলে। তিনি আগে আনন্দ টেলিভিশনের ব্রাহ্মণপাড়া উপজেলা প্রতিনিধি ছিলেন। এছাড়া দৈনিক কুমিল্লার ডাক নামে স্থানীয় একটি সংবাদপত্রে স্টাফ রিপোর্টার পদে কর্মরত ছিলেন।