‘খেলনা’র কথা বলে উচ্চশব্দে টিভি চালিয়ে শিশুর সর্বনাশ
চট্টগ্রামের সীতাকুণ্ডে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে মোহাম্মদ শাহীন নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় থানায় মামলা করেছেন ভুক্তভোগী শিশুর বাবা।
রোববার মামলার পর বিষয়টি জানাজানি হয়। এর আগে, বুধবার দুপুরে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের ইয়াছিন নগর গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত শাহীন একই গ্রামের নেজাম উদ্দিনের ছেলে। ভুক্তভোগী শিশু স্থানীয় একটি মাদরাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।
জানা গেছে, শিশুটির বাবা রাজমিস্ত্রির কাজ করেন। মাঝে মধ্যে অন্যের জমিতে কাজ করেন মা। বুধবার দুপুরে বাবা-মা দুজনই কাজে ছিলেন। এ সুযোগে ম্যাজিক লাইট দেওয়ার কথা বলে শিশুটিকে ফুসলিয়ে নিজের ঘরে ডেকে নেন প্রতিবেশী শাহীন। এরপর ঘরের দরজা বন্ধ করে উচ্চশব্দে টেলিভিশন চালিয়ে শিশুটিকে ধর্ষণ করেন।
একপর্যায়ে শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে কৌশলে পালিয়ে যান শাহীন। পরে খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় শিশুটিকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান তার মা। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে শিশুটি চমেক হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি রয়েছে।
সীতাকুণ্ড মডেল থানার এসআই টিবলু মজুমদার বলেন, ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।