মাজারে গান শুনতে গিয়ে তর্কাতর্কি, পরে বাইরে বের করে হত্যা
ময়মনসিংহের নান্দাইলে মাজারের ভেতরের ওরসে অন্যান্য কিশোরদের সঙ্গে তর্কাতর্কিতে লিপ্ত হন সজিব হোসেন। আর এই ঝগড়া গড়ায় অনেকক্ষণ। অবশেষে ক্ষিপ্ত কিশোররা সজিবকে মাজার থেকে বের করে এনে ছুরিকাঘাত করে।
রোববার মধ্যরাতে নান্দাইলের মাজার বাসস্ট্যান্ড নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত সজীব হোসেন উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের দত্তপুর গ্রামের সাহাব উদ্দিনের ছেলে।
নান্দাইল মডেল থানার এএসআই মো. রেজোয়ান আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি বলে জানান তিনি।
আরো পড়ুন: ১৮ মার্চ দেড় ঘণ্টা বন্ধ থাকবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের সৈয়দগাঁও গ্রামে অবস্থিত বুড়াপীরের (রা.) মাজার। সেই মাজারে ওরস চলছিল। রোববার দিবাগত রাতে সজীব হোসেন ওরসে যান গান শোনার জন্য। সেখানে একদল কিশোর ও তরুণের সঙ্গে ধাক্কাধাক্কি ও কাথা-কাটাকাটির ঘটনা ঘটে। পরে সজিবকে মাজার থেকে বের করে এনে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে কিশোর ও তরুণের দলটি। আহত অবস্থায় সজিবকে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তিনি মারা যান।
নান্দাইল মডেল থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কিশোরগঞ্জ জেলা ২৫০ শয্যার হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।