ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

নিখোঁজের পর প্রথম শ্রেণির ছাত্রীর গলাকাটা-ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ১১:৩৪, ১০ মার্চ ২০২২
নিখোঁজের পর প্রথম শ্রেণির ছাত্রীর গলাকাটা-ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার
ফাইল ছবি

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের কেছুলুটি গ্রামে নিখোঁজের ২ ঘণ্টা পর গর্ত থেকে প্রথম শ্রেণির ছাত্রীর গলাকাটা ও ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। 

কেছুলুটি গ্রাম থেকে বুধবার (৯ মার্চ) বিকেল ৫টায় নিখোঁজ হলে সন্ধ্যা ৭টায় তার লাশ পাওয়া যায়। নিহত ফাতেমা জান্নাত মৌ কেছুলুটি গ্রামের ফরিদ মিয়ার মেয়ে ও কেছুলুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী। এ ঘটনায় মা বাদী হয়ে বৃহস্পতিবার কমলগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।

নিহত স্কুল ছাত্রী ফাতেমা জান্নাতের বাবা ফরিদ মিয়া জানান, তার মেয়ে ফাতেমা জান্নাতকে বুধবার আছরের নামাজের পর বিকেল ৫টা থেকে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর সন্ধ্যা ৭টায় তাদের বসতঘরের পেছনের একটি ছোট মাটির গর্তে তার গলাকাটা, পেটের ভুড়ি বের হওয়া ও ক্ষত-বিক্ষত অবস্থায় লাশ পাওয়া যায়। ঘটনাটি শমশেরনগর পুলিশ ফাঁড়িকে অবহিত করলে রাত সাড়ে ৭টায় পরিদর্শক (তদন্ত) মোশারফ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল তৈরি করে লাশ উদ্ধার করেন। 

আরো পড়ুন: বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে একাধিকবার ধর্ষণ, যুবক কারাগারে

ফরিদ মিয়া আরও বলেন, তার অবুঝ শিশুকে যারা হত্যা করেছে, তার শাস্তি চান। এ ঘটনায় মেয়ের মা রুবি বেগম ওরফে রেলী বেগম বাদী হয়ে কমলগঞ্জ থানায় একটি মামলার দায়ের করেছেন।

কমলগঞ্জ থানার ডিউটি অফিসার এএসআই শিতিল মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) মোশারফ হোসেন বলেন, ছাত্রীর গলায় ও পেটে কাটার দাগ রয়েছে। ছোরা দিয়ে তার পেটের ভুড়িও বের করা হয়েছে। তার দেহের বিভিন্ন অংশে ছোরা দিয়ে কোপানোর দাগ রয়েছে। ঠিক কী কারণে ও কারা এ ঘটনাটি ঘটিয়েছে তা তদন্ত করলে বেরিয়ে আসবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!