ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

নরসিংদীতে স্কুলছাত্র ফয়সাল হত্যায় একজনের যাবজ্জীবন

নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৪৮, ৯ মার্চ ২০২২
নরসিংদীতে স্কুলছাত্র ফয়সাল হত্যায় একজনের যাবজ্জীবন
আদালতের আদেশ: প্রতীকী ছবি

নরসিংদীতে দশম শ্রেণির মেধাবী ছাত্র শহিদুজ্জামান ফয়সালকে হত্যার দায়ে আশিক নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে জেলা ও দায়রা জজ মোস্তাক আহমেদ। একই সঙ্গে দোষী প্রমাণিত না হওয়ায় এ মামলায় অপর ১৪ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। বুধবার নরসিংদীর জেলা ও দায়রা জজ আদালতে এ রায় দেওয়া হয়। 

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৩ সালের ১৫ জুলাই রাতে নরসিংদী সদর উপজেলা মোড়ের স্টাফ কোয়ার্টারের বাসা থেকে শহিদুজ্জামান ফয়সালকে তার বন্ধু সানি ফোন করে নিয়ে যায়। তারা নরসিংদী শহরের দাসপাড়া এলাকায় পৌঁছালে ওতপেতে থাকা আশিকসহ ১০-১৫ জন যুবক ধারাল অস্ত্র দিয়ে সানিকে কুপিয়ে মারাত্মক আহত করে। এ সময় তার বন্ধু শহিদুজ্জামান ফয়সাল বন্ধুকে রক্ষা করতে গেলে সন্ত্রাসীরা তাকেও কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক রক্তাক্ত জখম করে ফেলে রেখে চলে যায়। পরে সানি ও ফয়সালকে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার ফয়সালকে মৃত বলে ঘোষণা করেন।

এ ব্যাপারে নিহতের বাবা আব্দুস ছামাদ বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা দীর্ঘ তদন্ত শেষে ১৫ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। ঐ মামলায় ১৮ জন সাক্ষীর উপযুক্ত সাক্ষ্য প্রমাণে আসামি আশিক দোষী প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত তার বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডের রায় প্রদান করেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মু. ফজলুল হক। আসামি পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট আব্দুল মান্নান ভূইয়া।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!