তুচ্ছ ঘটনায় শ্যালককে পিটিয়ে মারলেন দুলাভাই
নোয়াখালীর সুবর্ণচরে তুচ্ছ ঘটনায় শ্যালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তফজল নামে এক ব্যক্তির বিরুদ্ধে।
নিহত শ্যালকের নাম মো. রাসেদ। তিনি উপজেলার ৮ নম্বর মোহাম্মদপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আদর্শ কলোনির মৃত মো. সাহাব উদ্দিন ওরফে শাকুর ছেলে এবং পেশায় একজন জেলে ছিলেন।
গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বাতেন মার্কেট সংলগ্ন আদর্শ কলোনিতে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত দুলাভাই তফজল গা ঢাকা দিয়েছেন। তফজল একই এলাকার এনামুল হকের ছেলে।
নিহতের বোন সুরমা ও খালা গুনাই বিবি জানান, তফজল রাসেদের খালাতো বোনের জামাই। তারা একই কলোনিতে বসবাস করেন। পাওনা টাকা ও চুরির ঘটনা এবং পূর্ব বিরোধ নিয়ে তফজলের সঙ্গে কয়েকদিন আগে শ্যালক রাসেদের বিরোধ দেখা দেয়। এর জেরে গত বুধবার ২ মার্চ বিকেলে রাসেদকে পিঁড়ি দিয়ে মাথায় আঘাত করেন তফজল।
আরো পড়ুন: থানায় অন্তঃসত্ত্বার পেটে কনস্টেবলের লাথি-মারধর, গর্ভপাত
এরপর বৃহস্পতিবার রাত ৮টার দিকে আদর্শ কলোনির হাসেম মাঝির বসতঘরে রাসেদকে আটক করে পুনরায় তফজল, হাসেম মাঝি ও তার স্ত্রী চামেলা বেধড়ক মারধর করেন। এতে গুরুতর আহত হন রাসেদ। একপর্যায়ে রাসেদ হামলাকারীদের হাত থেকে ছাড়া পেয়ে বসতঘরের সামনে এসে মাটিতে লুটিয়ে পড়ে সেখানেই মারা যান।
চরজব্বর থানার এএসআই মোশারেফ হোসেন জানান, খবর পেয়ে রাত সাড়ে ৩টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। পরবর্তীতে ভুক্তভোগী পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেয়া হবে।