নামের ভুলে বিনা অপরাধে যুবকের ৮ দিন কারাভোগ
শুধুমাত্র নামের সঙ্গে মিল থাকায় বিনা অপরাধে ৮ দিন কারাভোগ করেছেন জসিম উদ্দিন নামে এক যুবক। জসিমসহ তাদের পরিবারের লোকজন বলছেন, পুলিশের ভুলেই এমনটা হয়েছে। পুলিশ যদি সঠিকভাবে কাগজপত্র যাচাই করে দেখতো তা হলে এমনটা হতো না।
এদিকে, (২৩ ফেব্রুয়ারী বুধবার) আদালতের আদেশে মুক্তি পেয়েছেন জসিম উদ্দিন। জসিম উদ্দিনের মুক্তির পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের আদেশও দিয়েছেন বিচারক।
জানা যায়, হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শ্রীবাউর গ্রামের জনি আক্তার নামে এক গৃহবধূ তার স্বামী একই গ্রামের আব্দুল মন্নানের ছেলে জসিম উদ্দিনের বিরুদ্ধে যৌতুক চাওয়ার অভিযোগ এনে একটি মামলা করেন। গত ১৬ ফেব্রুয়ারি ওই মামলায় গ্রেফতার দেখিয়ে জসিম উদ্দিনকে আদালতে সোপর্দ করেন চুনারুঘাট থানার এএসআই মনির হোসেন।
জসিম উদ্দিন উপজেলার ফান্দ্রাইল গ্রামের আব্দুল হান্নান ওরফে মন্নান মিয়ার ছেলে।
আরো পড়ুন: পাচারকালে ৭০ ভরি সোনাসহ ধরা খেলেন মোক্তার
গ্রেফতার হওয়া জসিম উদ্দিনের পিতা আদালতে আবেদন করে জানান, তার ছেলের বিরুদ্ধে কোনো মামলা নেই। মামলাটির বাদী জনিও তার স্ত্রী নন। এ প্রেক্ষিতে হবিগঞ্জ আমলি আদালত-২ এর বিচারক মো. জাকির হোসাইন বিষয়টি তদন্তের জন্য চুনারুঘাট থানাকে নির্দেশ দেন। তদন্তে বেড়িয়ে আসে গ্রেফতারকৃত জসিম উদ্দিন যৌতুক মামলার আসামি নন। তার নাম ও বাবার নামে মিল থাকায় পুলিশ ভুলবশত অন্য জসিমকে গ্রেফতার করেছে।
গতকাল বুধবার (২৩ ফেব্রুয়ারি) শুনানি শেষে হবিগঞ্জ আমলি আদালত-২ এর বিচারক গ্রেফতার জসিম উদ্দিনকে মুক্তির আদেশ দেন। একইসঙ্গে পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ সংক্রান্ত মামলা রুজু ও বিভাগীয় ব্যবস্থা নিতে হবিগঞ্জের পুলিশ সুপারকে নির্দেশ দেন।
চুনারুঘাট থানার ওসি আলী আশরাফ জানান, ভুলক্রমে এমনটা হয়েছে। তবে আদালতের বিচারকের আদেশের ব্যাপারে তিনি অবগত নন।