মোটরসাইকেলে ঘুরতে গিয়ে প্রাণ গেল দুই বন্ধুর
যশোরের মণিরামপুর উপজেলায় মোটরসাইকেলে ঘুরতে গিয়ে প্রাণ গেল দুই বন্ধুর। এ সময় আরো এক বন্ধু আহত হয়েছেন। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার সাতগাতী বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মণিরামপুর উপজেলার বাহিরঘরিয়া গ্রামের শাহাবুদ্দিনের ছেলে রাসেল হোসেন ও একই গ্রামের তবিবুর রহমানের ছেলে রনি হোসেন। এ সময় আহত হন একই গ্রামের জসীম উদ্দীনের ছেলে হৃদয় হোসেন।
মণিরামপুর থানার ওসি নূর-ই-আলম সিদ্দিকী মণিরামপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার প্রণব কুমার বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি জানান, তিন বন্ধু রাসেল হোসেন, রনি হোসেন এবং হৃদয় হোসেন মোটরসাইকেল ভাড়া করে ঘুরতে বের হন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার নেহালপুর-কালিবাড়ি সড়কের সাতগাতী বাজারের পাশে সড়কে দাঁড়িয়ে থাকা ইটবাহী ট্রলির পেছনে ধাক্কা লাগে। এ সময় ঘটনাস্থলে মোটরসাইকেল চালক রাসেল নিহত হন এবং অপর দুই মোটরসাইকেল আরোহী রনি ও হৃদয় গুরুত্বর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার করে মণিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আশঙ্কাজনক হওয়ায় আহত দুইজনকে যশোর সদর হাসপাতালে রেফার করা হয়। পরে হাসপাতালে নেয়ার পর রনি মারা যায়।