ঢাকা,  বুধবার   ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

কোটি টাকার মালামালসহ পায়রা নদীতে ডুবে গেল ট্রলার

বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: ১০:২৯, ৬ ফেব্রুয়ারি ২০২২
কোটি টাকার মালামালসহ পায়রা নদীতে ডুবে গেল ট্রলার
নদীতে ডুবে যায় ট্রলার, ভেসে যায় কোটি টাকার মালামাল

বরগুনার তালতলীতে মালামালসহ একটি মালবাহী ট্রলার ডুবে গেছে। পানিতে ভেসে গেছে প্রায় কোটি টাকার মালামাল। তবে এ সময় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

শনিবার রাত ৮টার দিকে ঐ উপজেলার পায়রা নদীর মোহনায় এ ঘটনা ঘটে। রাত ১১ টার দিকে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে।

জানা গেছে, শনিবার বেলা ১টার দিকে জেলা সদরের বরগুনা ঘাট থেকে তালতলীর উদ্দেশ্যে ছেড়ে আসে ট্রলারটি। রাত ৮টায় তালতলী ঘাটে প্রবেশদ্বার পায়রা নদীর মোহনায় আসার সময় ডুবো চরে ধাক্কা লেগে ট্রলারটি কাত হয়ে ডুবে যায়। এতে ট্রলারে সাপ্তাহিক হাট-বাজারসহ বিভিন্ন বাজারের ৩০-৪০ জন ব্যবসায়ীর প্রায় এক কোটি টাকার মালামাল ছিল। ট্রলারটি নদীর তলদেশে ডুবে থাকে, মালামাল ভেসে যায় পানিতে।। ট্রলারে থাকা চারজন সাঁতার কেটে তীরে আসেন।

স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, মাত্রাতিরিক্তি মালামাল বোঝাই করা ও হেলপার দিয়ে ট্রলার চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটেছে।

তালতলী ফায়ার সার্ভিস কমান্ডার আক্তার উদ্দিন বলেন, ট্রলারডুবিতে কোনো মানুষ নিখোঁজ হয়নি। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!