ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

রান্নাঘরে মিলল দেড় কোটি টাকার ইয়াবা, যুবক গ্রেফতার

বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: ০৯:১৩, ৫ ফেব্রুয়ারি ২০২২
রান্নাঘরে মিলল দেড় কোটি টাকার ইয়াবা, যুবক গ্রেফতার
(ছবি: সংগৃহীত)

বরগুনার বামনা উপজেলায় চিহ্নিত এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৮ পটুয়াখালী। এ সময় ৪৮ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক মূল্য দেড় কোটি টাকা।

গ্রেফতার যুবক নজরুল ইসলাম বামনা সদর ইউনিয়নের সফিপুর গ্রামের হাশেম শিকদারের ছেলে। শুক্রবার (৪ ফেব্রুয়ারি) রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‌্যাব জানায়, বিপুল ইয়াবার চালানের গোপন সংবাদ পেয়ে শুক্রবার রাতে বামনার শফিপুর গ্রামে অভিযান চালানো হয়। এরপর মাদক ব্যবসায়ী নজরুল ইসলামের বাড়িতে কয়েক ঘণ্টা অভিযান চালিয়ে রান্নাঘরের মেঝের মাটির নিচ থেকে ৪৮ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। জব্দকৃত ইয়াবার মূল্য আনুমানিক এক কোটি ৪৪ লাখ টাকা। এ সময় মাদক ব্যবসায়ী নজরুল ইসলামকে গ্রেফতার করা হয়। তার সঙ্গে থাকা মোবাইলটি জব্দ করা হয়। নজরুল ইসলামের বিরুদ্ধে বামনা থানায় মামলা করা হয়েছে।

এ বিষয়ে র‌্যাব ৮ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেফটেন্যান্ট শহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান চালাই। চিহ্নিত মাদক ব্যবসায়ী নজরুল ইসলামসকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলার পর বামনা থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!