ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

রাতে একা পেয়ে চারজন মিলে ধর্ষণ, যুবক গ্রেফতার

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৬:০৩, ৩ ফেব্রুয়ারি ২০২২
রাতে একা পেয়ে চারজন মিলে ধর্ষণ, যুবক গ্রেফতার
ফাইল ছবি

হবিগঞ্জের মাধবপুরে চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার আসামি মো. দিদার মিয়া ওরফে বুইল্লা দিদারুল হোসেনকে গ্রেফতার করেছে র‌্যাব।

বুধবার রাতে ঢাকার বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে দিদারুলকে গ্রেফতার করা হয়। গ্রেফতার দিদার মিয়া মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের মো. জাহাঙ্গীর মিয়ার ছেলে।

র‌্যাব ৯-এর মিডিয়া অফিসার এএসপি সোমেন মজুমদার জানান, দিদারুল ঢাকায় রয়েছেন- এমন সংবাদে ঢাকার বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। দিদারুল গণধর্ষণ মামলার এজাহারনামীয় ২ নম্বর আসামি।

১৫ জানুয়ারি মাধবপুরের নোয়াপাড়ায় কারখানা থেকে কাজ শেষে বাড়ি ফেরার পথে এক নারীকে গণধর্ষণ করেন দিদারুলসহ চারজন। এ ঘটনায় মাধবপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন ভুক্তভোগী নারী।

এ ঘটনা নিয়ে জেলা, উপজেলাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে পুলিশের পাশাপাশি মামলাটি তদন্ত করে র‌্যাব। ঘটনার পর পরই মামলার ১ নম্বর আসামিকে গ্রেফতার করে পুলিশ। মামলার ৩ ও ৪ নম্বর আসামিকে র‌্যাব-৯ গ্রেফতার করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করে।

মাধবপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) গোলাম কিবরিয়া জানান, বৃহস্পতিবার আসামি দিদারুলকে আদালতে পাঠানো হয়েছে । এ মামলায় এজাহারে চারজনকেই গ্রেফতার করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!