ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

কাঠগড়ায় দাঁড়িয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন আসামি শাহজাহান

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:১৮, ১ ফেব্রুয়ারি ২০২২
কাঠগড়ায় দাঁড়িয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন আসামি শাহজাহান
ফরিদপুর জেলা আদালত

ফরিদপুরে আদালতের বিচারকাজ চলাকালে এজলাসে অসুস্থ হয়ে মারা গেছেন শাহজাহান মৃধা নামে এক বৃদ্ধ আসামি। মঙ্গলবার দুপুরে ফরিদপুরের বিচারিক হাকিম-১ আদালতে এ ঘটনা ঘটে। ওই সময় বিচারকাজ পরিচালনা করছিলেন বিচারিক হাকিম মো. ফরিদউদ্দিন।

মৃত আসামির নাম শাহজাহান মৃধা। ৭০ বছরের শাহজাহানের বাড়ি চরভদ্রাসন সদর ইউনিয়নের মৌলভীচর গ্রামে।

আদালত সূত্রে জানা গেছে, জমির বিরোধের ঘটনায় ওই গ্রামের দুলাল মিয়া গত বছরের ৪ অক্টোবর চরভদ্রাসন থানায় শাহজাহান মৃধাসহ চারজনকে আসামি করে মামলা করেন। ওই মামলায় সমন পেয়ে সোমবার আদালতে হাজিরা দেন শাহজাহানসহ ৪ আসামি।

আরো পড়ুন: বিয়ের ৫ মাসের মাথায় স্বামীর ঘরে গৃহবধূর গলাকাটা লাশ

ঘটনার প্রত্যক্ষদর্শী এক আইনজীবী জানান, মঙ্গলবার আদালতে আসামিদের জামিন আবেদনের শুনানি চলছিল। সে সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন কাঠগড়ায় দাঁড়ানো শাহজাহান। একপর্যায়ে জ্ঞান হারান। আদালতের নির্দেশে তাকে তখনই কক্ষের বাইরে নিয়ে মাথায় পানি দেওয়া হয়। পরে ফরিদপুর জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালের আবাসিক চিকিৎসকা কর্মকর্তা গনেশ কুমার আগারওয়ালা জানান, হাসপাতালে আনার আগেই মারা গেছেন শাহজাহান। ধারণা করা হচ্ছে স্ট্রোক হওয়ায় তার মৃত্যু হয়েছে।

মামলায় আসামি পক্ষের আইনজীবী শাহ মো. আবু জাফর জানান, জমি বিক্রির টাকা নিয়ে জমি বুঝিয়ে দেওয়া হয়নি- এই অভিযোগে দুলাল মিয়া শাহজাহানের নামে মামলা করেছিলেন। আসামি অসুস্থ হয়ে পড়ায় বিচারক তখনই সব আসামিকে জামিন দেন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!