প্রেমের কারণে ঝরল স্কুলছাত্রের প্রাণ
ফরিদপুরের আলফাডাঙ্গায় প্রেম ঘটিত বিষয় নিয়ে বখাটেদের হামলায় গুরুতর আহত স্কুলছাত্র শাহেদ শেখ ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (৩০ জানুয়ারি) দিবাগত রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সোমবার (৩১ জানুয়ারি) সকালে নিহত শাহেদের ফুপা লিটন খান বাদী হয়ে মামলা করেছেন।
মামলায় আসামি করা হয়েছে একই গ্রামের ফজালের ছেলে লাদেন ও আলম মিয়ার ছেলে ইব্রাহিমসহ সাতজনকে।
জানা গেছে, রোববার দুপুরে শাহেদ আলফাডাঙ্গা সদর থেকে বাড়ি ফিরছিলেন। পথে রায়ের পানাইল নামক এলাকায় কয়েকজন তাকে ধারালো অস্ত্র ও বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে আহত করে পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন শাহেদকে উদ্ধার করে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন। অবস্থার অবনতি হওয়ায় বিকেলে শাহেদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাহেদের মৃত্যু হয়।
আারো পড়ুন: গুলি করেন লিয়াকত, প্রদীপের লাথিতে নিস্তেজ হয় সিনহা: বিচারক
নিহত শাহেদের স্বজন মো. লিটন খান জানান, এলাকার একটি মেয়ের সঙ্গে প্রেমঘটিত বিষয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ চলছিল। রোববার দুপুরে উপজেলা সদর থেকে ফেরার পথে রায়ের পানাইল গ্রাম এলাকায় শাহেদের গতিরোধ করে লাদেন, ইব্রাহিমসহ তাদের সহযোগিরা। পরে তারা শাহেদকে কুপিয়ে ও বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে মারাত্মক জখম করে। রাতে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শাহেদ।