সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দলের নবগঠিত কমিটি প্রত্যাখ্যান
নোয়াখালীর সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দলের নবগঠিত উপজেলা ও পৌরসভা কমিটি পুনর্গঠনের দাবি জানিয়েছেন সদ্য ঘোষিত পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদ উল্যাহ লিটন। সেই সঙ্গে ঐ কমিটি প্রত্যাখ্যানের ঘোষণা দিয়েছেন তিনি।
রোববার সন্ধ্যায় সোনাইমুড়ীতে চড়ুইভাতি রেস্টুরেন্টে আয়োজিত সভায় লিটন জানান, আমি চেয়েছিলাম উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হতে। সেজন্য আমি কাগজপত্র জমা দিয়েছিলাম। কিন্তু আমাকে করা হয়েছে পৌরসভা কমিটির আহ্বায়ক। কোনো অদৃশ্য কারণে এমনটা হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
আরো পড়ুন: বউকে ফেরত দিতে ৭২ ঘণ্টার আলটিমেটাম
তিনি আরো জানান, এ বিষয়ে জেলার নেতাদের কাছে জানতে চাইলে তারা বলেন- ‘কেন্দ্রের সিদ্ধান্তে এমন হয়েছে’। কেন্দ্রীয় কয়েকজন নেতার কাছে কমিটির বিষয়ে প্রশ্ন করলে- তারা ‘ এ বিষয়ে জানেন না’ বলে এড়িয়ে যান। তাই আমিসহ দলের দুর্দিনের বন্ধু, ত্যাগী ও রাজপথের আন্দোলন-সংগ্রাম করা নেতাকর্মীরা এ কমিটি প্রত্যাখ্যান করছি।
এ সময় উপস্থিত ছিলেন, সোনাইমুড়ী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম সুমন, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মনির হোসেন, ইমাম হোসেন হৃদয়, মো. খালেদ, জহিরুল ইসলাম রুবেল, আব্দুল মন্নান বাবু, মো. মাসুম প্রমুখ। এ সময় দলীয় নেতাকর্মীরাও তার দাবির সঙ্গে একমত পোষণ করে এই কমিটি প্রত্যাখ্যান করে পুনর্গঠনের দাবি জানান।