ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

আদরের ছলে শিশুর সর্বনাশ, ৫ বছর পর ধরা

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৪৩, ২৬ জানুয়ারি ২০২২
আদরের ছলে শিশুর সর্বনাশ, ৫ বছর পর ধরা
অভিযুক্ত মোহাম্মদ শিপন

চট্টগ্রামের চন্দনাইশে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের মামলায় মোহাম্মদ শিপন নামে এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাব। সোমবার আনোয়ারা উপজেলার চাতুরী চৌমুহনী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার বিকেলে এ তথ্য জানান র‍্যাব-৭ এর চান্দগাঁও ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মেহেদী। গ্রেফতার শিপন চন্দনাইশ উপজেলার কেশুয়া এলাকার মোহাম্মদ সেলিমের ছেলে।

র‍্যাব জানায়, ২০১৭ সালের ১৮ ফেব্রুয়ারি বিকেলে বাড়ির উঠানে খেলছিল শিশুটি। ওই সময় তাকে ফুসলিয়ে নিজের ঘরে নিয়ে ধর্ষণ করেন প্রতিবেশী শিপন। পরে খোঁজাখুঁজি করতে গিয়ে মেয়েকে কান্না করতে দেখেন মা। কান্নার কারণ জানতে চাইলে মায়ের কাছে বিষয়টি জানায় শিশুটি। এরপরই শিশুটিকে প্রথমে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়।

ওই ঘটনায় চন্দনাইশ থানায় ধর্ষণ মামলা করেন ভুক্তভোগী শিশুর মা। মামলাটির তদন্ত শেষে আদালতে শিপনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ।

চান্দগাঁও ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মেহেদী বলেন, ঘটনার পর থেকে দীর্ঘ পাঁচ বছর ধরে পালিয়ে বেড়াচ্ছিলেন শিপন। সম্প্রতি আনোয়ারায় তার অবস্থানের খবর পেয়ে গ্রেফতারে গোয়েন্দা নজরদারি শুরু করে র‍্যাব। এরই ধারাবাহিকতায় সোমবার চাতুরী চৌমুহনী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাবের এ কর্মকর্তা আরো বলেন, শিশুটিকে প্রায় সময় আদর-সোহাগ করতেন শিপন। ফলে তাকে কখনো সন্দেহের চোখে দেখেনি শিশুটির পরিবার। গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকার করেন শিপন। পরবর্তী আইনি ব্যবস্থা নিতে তাকে চন্দনাইশ থানায় হস্তান্তর করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!