ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

ইটভাটার মাটির স্তূপের পাশে লাশ হয়ে পড়ে ছিলেন বৃদ্ধা

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৫১, ২৪ জানুয়ারি ২০২২
ইটভাটার মাটির স্তূপের পাশে লাশ হয়ে পড়ে ছিলেন বৃদ্ধা
ফাইল ছবি

চট্টগ্রামের লোহাগাড়ায় একটি ইটভাটার মাটির স্তূপের পাশ থেকে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সুখছড়িকুল পুটিবিলা এলাকার বিবিসি ইটভাটা থেকে লাশটি উদ্ধার করা হয়।

তাৎক্ষণিকভাবে লাশটির পরিচয় জানা যায়নি। বয়স আনুমানিক ৭০ বছর বলে জানায় পুলিশ।

লোহাগাড়া থানার ওসি মুহাম্মদ আতিকুল ইসলাম বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়। লাশের পরিচয় ও মৃত্যুর কারণ জানা যায়নি। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

এর আগে, ৫ জানুয়ারি দুপুরে একই উপজেলার পূর্ব লোহাগাড়া হাজীপাড়া এলাকার একটি পরিত্যক্ত টিনের ঘর থেকে মোহাম্মদ জাহেদ নামে এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। জাহেদ ঐ উপজেলার কলাউজান বাংলাবাজার এলাকার শাহ আলমের ছেলে। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানায় স্বজনরা।

সে সময় স্বজনরা জানায়, আগের রাত থেকে নিখোঁজ ছিল জাহেদ। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও সন্ধান মেলেনি। পরে সকালে একটি পরিত্যক্ত ঘরে তার ঝুলন্ত লাশের খবর পাওয়া যায়।

এদিকে, গতকাল রোববার ভোরে কর্ণফুলী উপজেলার চর বাটা নদীর সাদিদ ওয়ান জাহাজের ভেতর গলায় ফাঁস লাগিয়ে মীর জাহান আলী নামে এক যুবক আত্মহত্যা করেন। মীর জাহান আলী ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রাখালখালী এলাকার ইয়াকুব মোল্লার ছেলে। তিনি জাহাজটিতে সুকানি হিসেবে কর্মরত ছিলেন।

পাঁচলাইশ থানার ওসি (তদন্ত) সাদিকুর রহমান বলেন, জাহাজে সবার অগোচরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন মীর জাহান আলী। পরে পুলিশ তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এরপর লাশটি মর্গে পাঠানো হয়।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!