এক মোটরসাইকেলে চার আরোহী, বেঁচে রইলো না কেউই
নওগাঁর ধামইরহাটে সবজি বিক্রি শেষে এক মোটরসাইকেলে চড়ে বাড়ি ফিরছিলেন ৪ জন, তাদের কেউই আর বেঁচে নেই। পথে একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই আবু সুফিয়ান ও আব্দুস সালাম নামে দুইজনের মৃত্যু হয়। রোববার (২৩ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে হরিতকীডাঙ্গা বাজারে এ দুর্ঘটনাটি ঘটে।
পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সজল হোসেন ও মিনহাজ হোসেন নামে বাকি দুইজনও মারা যান। ঘটনার পর ট্রাক ফেলে চালক ও সহকারীরা পালিয়ে গেছেন। পুলিশ ট্রাকটি জব্দ করেছে।
আরো পড়ুন: মানিকগঞ্জে ব্রিজের নিচে মিলল যুবকের লাশ
পুলিশ জানায়, নিহত চারজনই সবজি ব্যবসায়ী। ধামইরহাট সাপ্তাহিক হাটে-বাজারে কেনা-বেচা শেষে একই মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছেলেন। রাত সাড়ে ৮টার দিকে হরিতকিডাঙ্গা উজ্জ্বল হোসেনের চাউল কলের সামনে মোটরসাইকেলটি এলে বিপরীত দিক থেকে দ্রুতগামী একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সুফিয়ান হোসেন ও আব্দুস ছালামের মৃত্যু হয়। স্থানীয়রা সজল ইসলাম ও জুয়েল হোসেনকে উদ্ধার করে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেন। আহতদের অবস্থা আশঙ্কজনক হওয়ায় ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রাতেই মারা যান।
ধামইরহাট থানার ওসি রাকিবুল হুদা বলেন, ধামইরহাট থেকে হতাহতরা একটি মোটরসাইকেল যোগে গ্রামের বাড়িতে দিকে যাচ্ছিলেন। ঘটনাস্থলে একটি ট্রাক তাদের চাপা দিলে প্রথমে দুইজন ও পরে দুইজন মারা যান।
ওসি আরো জানান, ঘটনার পর ট্রাকের চালক ও সহকারীরা ট্রাকটি ফেলে পালিয়ে গেছেন। পুলিশ ট্রাকটি জব্দ করেছে। ওই ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।