ইজিবাইকের রং পাল্টিয়েও হলো না রক্ষা, ফুটেজ দেখে ৩ চোর গ্রেফতার
ফরিদপুরে দিন-দুপুরে ব্যস্ততম সড়ক থেকে একটি ইজিবাইক চুরির ঘটনায় সরোয়ার মৃধা, জামাল মোল্লা ও জিয়া শেখ নামে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে চুরি হওয়া অটোবাইক। শুক্রবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার জানান, বৃহস্পতিবার দুপুরে শহরের জেলা কারাগারের পেছনে রাজেন্দ্র কলেজের ক্যাম্পাসের পাশের সড়কে ইজিবাইক রেখে চা পান করছিলেন চালক মঞ্জু। এ সময় সেটি চুরি হয়ে যায় রাস্তা থেকে। এরপর তিনি জেলা গোয়েন্দা পুলিশের শরণাপন্ন হন।
ঘটনা জানতে পেরে গোয়েন্দা পুলিশ ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ দেখে চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে এবং প্রথমে অভিযান চালিয়ে সরোয়ার মৃধাকে আটক করে। সরোয়ারের বাড়ি সদর উপজেলার ভাসানচরে।
আরো পড়ুন: মাঝরাতে বিকট শব্দে ঘুম ভাঙল রোগীদের, আতঙ্কে ছোটাছুটি
জিজ্ঞাসাবাদে সরোয়ার জানান, চুরি করা অটোবাইকটি ৩৫ হাজার টাকায় শোভারামপুরের জামাল মোল্লার কাছে বিক্রি করেছেন তিনি। এরপর জামাল মোল্লাকে আটকের পর তিনি জানান ঐ অটোর রং বদলে মেরামতের জন্য আলিপুরের জিয়া শেখের বাড়িতে রাখা আছে। পুলিশ সেখান থেকে চুরি হওয়া অটোবাইকটি উদ্ধার করে এবং জিয়া শেখকে আটক করে।
এ ঘটনায় কোতোয়ালি থানায় একটি মামলা হয়েছে। জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এ প্রেস ব্রিফিংয়ে ডিবির ওসি রাকিবুল ইসলাম উপস্থিত ছিলেন।