নরসিংদীতে ট্রাক-অটোরিকশা সংঘর্ষ, নিহত ১
নরসিংদীর রায়পুরায় মহেষপুর ইউনিয়নের সাপমারা বাজারে ইট বোঝাই ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে এক মাছ ব্যবসায়ী মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন।
সোমবার সকাল ৬টার দিকে সাপমারা বাজার চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মাছ ব্যবসায়ীর নাম চিত্ত নিরঞ্জন দাস (৬৫)। তিনি মহেষপুর ইউনিয়নের আলগী মধ্যে পাড়া গ্রামের নিশিকান্ত দাসের ছেলে। আহতরা হলেন চিত্ত নিরঞ্জনের ভাই মনরঞ্জন দাস (৫০), ব্যাটারি চালিত অটোরিকশার চালক একই ইউনিয়নের বেগমাবাদ গ্রামের মুরশিদ মিয়া (৩০)।
জানা যায়, সোমবার সকাল ৬টার দিকে আলগী বাজার থেকে ছেড়ে আসা ইট ভর্তি ট্রাক নীলকুঠি যাওয়ার সময় সাপমারা বাজার চৌরাস্তায় রায়পুরাগামী ব্যাটারি চালিত অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই ব্যাটারি চালিত অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। পরে চিত্ত নিরঞ্জনের মাথার ওপর দিয়ে ট্রাকের চাকা চলে যাওয়ায় মাথা থেতলে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের ভাই ও অটোরিকশা চালক গুরুতর আহত হন। আহতদেরকে স্থানীয়রা উদ্ধার করে পাশের উপজেলা ভৈরব হাসপাতালে নিয়ে যায়। ঘটনার পর ঘাতক ট্রাক চালক ও সহযোগী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা ঘাতক ট্রাকটিকে আটক করে পুলিশে খবর দেয়।
রায়পুরা থানার এসআই মো আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।