[ দেশজুড়ে ]
প্রাইভেটকারে যাত্রীর আসনে তিন গরু!
উদ্ধারকৃত প্রাইভেটকারটি ছবি: ডেইলি বাংলাদেশ
রাস্তার পাশে একটি প্রাইভেটকার দীর্ঘ সময় পড়ে থাকতে দেখে সন্দেহ হলে গাড়িটির দরজা খুলেন এলাকাবাসী। খুলতেই গাড়িতে যাত্রীর আসনে তিনটি গরু দেখতে পান তারা। এ সময় গাড়িতে চালক বা কোনো যাত্রী ছিলেন না।
রোববার ভোর ছয়টার দিকে ময়মনসিংহ-শেরপুর মহাসড়কে ময়মনসিংহের তারাকান্দা উপজেলার গোপালপুর বাজারে এ ঘটনা ঘটে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে গরুসহ প্রাইভেটকার উদ্ধার করেছে পুলিশ। গাড়িটির চাকা পাংচার অবস্থায় ছিল।
বিষয়টি নিশ্চিত করেন তারাকান্দা থানার ওসি আবুল খায়ের। তিনি বলেন, ধারণা করা হচ্ছে আশপাশের কোনো এলাকা থেকে রাতে গরুগুলো চুরি করে প্রাইভেটকারে করে নিয়ে যাচ্ছিল চোর চক্র। পথে গোপালপুর এলাকায় প্রাইভেটকারের চাকা ফেটে যায়। ফলে প্রাইভেটকারসহ গরুগুলো ফেলে যান চোরেরা। পরে স্থানীয়রা গাড়ির ভেতর গরু দেখে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাইভেটকারসহ গরু তিনটি জব্দ করে। ব্যক্তিগত প্রাইভেটকারটি বেশ পুরনো ও ভাঙাচোরা। গাড়ির কোনো রেজিস্ট্রেশন নম্বরও নেই।
আরো পড়ুন: ছোট ভাইকে হত্যার ভয় দেখিয়ে কিশোরীকে ৬ মাস ধর্ষণ
তিনি আরো বলেন, আশপাশের বিভিন্ন এলাকায় গরু পাওয়ার বিষয়টি জানানো হয়েছে। কেউ যদি উপযুক্ত প্রমাণ দেখাতে পারে, তাহলে গরু হস্তান্তর করা হবে। তা না হলে অন্য কোনো প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
ডেইলি-বাংলাদেশ/আরএডি/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!