৯৯৯-এ ফোন পেয়ে দুই যুবককে উদ্ধার করল পুলিশ
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ৯৯৯-এ ফোন পেয়ে দুই যুবককে জিম্মিদশা থেকে মুক্ত করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার চরফকিরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কদমতলা এলাকার নির্জন স্থান থেকে তাদের উদ্ধার করা হয়।
তারা হলেন- ভোলার লালমোহন উপজেলার ইলিশাকান্দি গ্রামের মো. শামছুদ্দিনের ছেলে ২৭ বছর বয়সী জাকির হোসেন ফরাজী ও গাইবান্ধা সদর উপজেলার উত্তর গিদারী গ্রামের মো. আবদুস সামাদের ছেলে ২৪ বছরের হিমু মিয়া।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে ফোন পেয়ে প্রযুক্তির সহায়তায় এসআই মো. শফিকুল ইসলাম রাজা অভিযান চালিয়ে তাদের দুজনকে উদ্ধার করেন।
উদ্ধার হওয়া মো. জাকির হোসেন জানান, তাদের রাজমিস্ত্রীর লেবার হিসেবে কাজ দেওয়ার কথা বলে আসতে বলেন কোম্পানীগঞ্জের পূর্ব পরিচিত গিয়াস উদ্দিন। আসার পর তাদের কাছে টাকা পাবেন বলে আটকে রেখে নির্যাতন করেন এবং উভয়ের পরিবারে ফোন করে মোটা অংকের টাকা দাবি করেন। পরে তাদের পরিবার বিষয়টি ৯৯৯-এ ফোন করে জানান।
ওসি আরো জানান, উদ্ধার হওয়া দুই যুবককে অভিভাবকের কাছে হস্তান্তর ও অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে। এ চক্রের মূলহোতাকে শনাক্ত করতে কাজ করছে পুলিশ।