ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

শিশুর রহস্যজনক মৃত্যু, মুখে ‘জিনের আঁচড়’

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ২০:০৮, ২৯ ডিসেম্বর ২০২১
শিশুর রহস্যজনক মৃত্যু, মুখে ‘জিনের আঁচড়’
চরজব্বার থানা, নোয়াখালী

নোয়াখালীর সুবর্ণচরে ১৬ মাস বয়সী এক শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে। তার মুখে আঁচড়ের দাগ দেখা গেছে। পরিবার বলছে- ‘জিনের হামলায়’ এ দাগ হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শিশুর মাকে থানায় নিয়ে গেছে পুলিশ।

নিহত মাহিদুল ইসলাম ঐ উপজেলার চরজুবিলী ইউনিয়নের উত্তর কচ্ছপিয়া গ্রামের মোক্তার হোসেনের ছেলে। বুধবার দুপুরে ঐ বাড়ি থেকে শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ।

নিহতের দাদা আব্দুল ওহাব জানান, সকালে ঘরের দরজা বন্ধ করে শিশুটিকে খাওয়াচ্ছিলেন তার মা ছামনা খাতুন। কিছুক্ষণ পর দরজা খোলার জন্য ছামনাকে ডাকাডাকি করেন পরিবারের সদস্যরা। কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে তারা শিশু মাহিদুল ও তার মাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। এরপর দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ছামনা খাতুন মানসিক সমস্যায় ভুগছিলেন। অনেক চিকিৎসা করেও তাকে সুস্থ করা যায়নি।

চরজব্বার থানার ওসি মো. জিয়াউল হক বলেন, শিশুটির মুখমণ্ডলে আঁচড়ের চিহ্ন দেখা গেছে। এ বিষয়ে পরিবার বলছে- ‘জিনের হামলার’ কারণে এ দাগ হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।

তিনি আরো জানান, নিহত শিশুর মাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে পরবর্তীপদক্ষেপ নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!