ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

নালিতাবাড়ী পৌর মেয়রের বিরুদ্ধে প্রচারিত সংবাদের প্রতিবাদ

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১৯:০৯, ২৭ ডিসেম্বর ২০২১
নালিতাবাড়ী পৌর মেয়রের বিরুদ্ধে প্রচারিত সংবাদের প্রতিবাদ
সংবাদ সম্মেলনে পৌর মেয়র আবুবক্কর সিদ্দিক। ছবি: ডেইলি বাংলাদেশ

শেরপুরের নালিতাবাড়ী পৌরসভার মেয়র আবুবক্কর সিদ্দিকের বিরুদ্ধে দুটি বেসরকারি টেলিভিশনে মনগড়া প্রতিবেদন প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় ব্যবসায়ীরা। 

সোমবার দুপুরে তারাগঞ্জ মধ্যবাজারস্থ ট্রাক-ট্যাংকলড়ি-কাভার্ড ভ্যান মালিক সমিতির কার্যালয়ে ব্যবসায়ী নেতা ও জমির মালিকের উপস্থিতিতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

নালিতাবাড়ী বস্ত্র ব্যবসায়ী সমিতির সভাপতি বাদল সাহার সভাপতিত্বে এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন জমির মালিক দিনবন্ধু ঘোষ এর পক্ষে তার ছোট ভাই মিঠু ঘোষ। 

এ সময় তিনি উল্লেখ করেন, ২০০৪ সালে মৃত শমশের পঞ্চায়েতের কাছ থেকে শহরের মধ্যবাজার এলাকায় ১০ শতাংশ জমি সাফকবলা ক্রয় করেন দিনবন্ধু ঘোষ। পরে সেখানে দোকান নির্মাণ করে ২০০৫ সালে আল আমিন বেকারির মালিক শফিকুল ইসলামের কাছে দুই বছর মেয়াদী চুক্তিতে ভাড়ায় প্রদান করেন। এভাবে আল-আমিন বেকারি টানা ১৬ বছর যাবত ভাড়ায় বেকারির ব্যবসা পরিচালনা করে আসছেন। 

এরই মধ্যে বিদ্যুৎ বিল, দোকান ভাড়া ও ঘরমালিক দিনবন্ধুর কাছ থেকে বিভিন্ন সময় বেকারির জন্য নেওয়া ময়দা-চিনিসহ নানা পণ্য বাবদ লাখ লাখ টাকা বকেয়া করে ফেলেন শফিকুল ইসলাম। গত ১৫ এপ্রিলে দোকান ভাড়ার চুক্তির মেয়াদ শেষ হলে বকেয়া দিতে গড়িমসি করেন বোকারি মালিক শফিকুল। বিষয়টি শেষ পর্যন্ত পৌর মেয়র ও স্থানীয় ব্যবসায়ীদের পর্যন্ত গড়ালে গত ১৮ আগস্ট দেনা-পাওনা মিটিয়ে শফিকুল দোকান ঘরের চাবি মালিক দিনবন্ধুর হাতে তুলে দেন এবং মালামালসহ আসবাবপত্র সরিয়ে নিতে অঙ্গীকার করেন। 

এদিকে, গত ২১ ডিসেম্বর মঙ্গলবার রাত ১০টার দিকে ভাড়াটিয়া শফিকুল ও তার লোকজন মিলে দোকান ঘরে দিনবন্ধুর লাগানো তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন এবং দখলে নিতে চেষ্টা করেন। খবর পেয়ে জায়গা ও দোকান মালিক দিনবন্ধু পৌর ব্যবসায়ী নেতা ও কর্তৃপক্ষকে অবহিত করলে ব্যবসায়ীদের উপস্থিতিতে মেয়র আবুবক্কর সিদ্দিক রাতেই জোর পূর্বক দখলে যাওয়া ভাড়াটিয়া শফিকুল ও তার লোকজনকে মালামালসহ দোকান থেকে বের করে দেন। কিন্তু পরবর্তীতে শফিকুল এ ঘটনার সিসিটিভি ফুটেজ নিয়ে শেরপুরে কর্মরত দুইজন গণমাধ্যমকর্মীর কাছে গিয়ে  ভুল তথ্য দিয়ে মেয়রের বিরুদ্ধে প্রতিবেদন প্রকাশ করেন। 

সংবাদ সম্মেলনে ব্যবসায়ী নেতারা বলেন, আমাদের অনুরোধে মেয়র সংখ্যালঘু পরিবারের জমি ও দোকানঘর অবৈধভাবে অনুপ্রবেশকারী ভাড়াটিয়া শফিকুলকে বের করে দেন। ওই সময় আমাদের অন্তত শতাধিক ব্যবসায়ী উপস্থিত ছিলেন। দুঃখজনকভাবে মেয়রকে উদ্দেশ্য করে এবং তার সম্মান নষ্ট করে যেভাবে সংবাদ প্রচার করা হয়েছে আমরা তার নিন্দা এবং প্রতিবাদ জানাই। 

সংবাদ সম্মেলনে পৌর মেয়র আবুবক্কর সিদ্দিক, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নালিতাবাড়ী শাখার সভাপতি অরুণ চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক যোগেন রায়, ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক শামছুল আলম সওদাগর, ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ডা. কিরণ দত্ত, ব্যবসায়ী নেতা অসীম দত্ত হাবলু, শ্যামল দত্তসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।  

ডেইলি-বাংলাদেশ/এমকে
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!