ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

নাতিকে স্কুলে দিয়ে বাড়ি ফেরার পথে মাথায় শাবল পড়ে প্রাণ গেল দাদির

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪৭, ২২ ডিসেম্বর ২০২১
নাতিকে স্কুলে দিয়ে বাড়ি ফেরার পথে মাথায় শাবল পড়ে প্রাণ গেল দাদির
নিহতের স্বজনদের আহাজারি ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জে নাতিকে স্কুলে দিয়ে বাড়ি ফেরার পথে নিমার্ণাধীন ১১ তলা ভবন থেকে একটি শাবল মাথায় পড়লে ঘটনাস্থলেই মারা যান জাহানারা বেগম নামে এক নারী।

বুধবার সকাল সাড়ে ৯টার দিকে জেলা শহরের নবাব সলিমুল্লাহ সড়কের মিশনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জাহানারা বেগম শহরের খানপুর কাজীপাড়া এলাকার বাসিন্দা ও সাবেক ফুটবলার জাকির হোসেনের স্ত্রী। 

সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, নির্মাণাধীন ১১ তলা ভবনের পাশের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন জাহানারা বেগম। হঠাৎ ভবনের ওপর থেকে একটি শাবল তার মাথার ওপর পড়ে। এতে তার প্রচুর রক্তক্ষরণ শুরু হয়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, নিরাপত্তাবেষ্টনী ছাড়াই শুধু বাঁশের মাচা বেঁধে ওই ভবনে নির্মাণ কাজ করার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। এদিকে ঘটনার পরপরই ওই ভবনের শ্রমিকেরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

নিহতের মামাতো ভাই জাকির হোসেন বলেন, ‘নিরাপত্তাবেষ্টনী ছাড়া কীভাবে একটি বহুতল ভবনের নির্মাণ কাজ চলে? যাদের অবহেলার কারণে এ ঘটনা ঘটেছে, আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’

অভিযুক্ত জমির মালিক তোতা মিয়া ও সানরাইজ হাউজিং লিমিটেডের মালিক আমানের মুঠোফোন নম্বরে একাধিবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের নম্বর বন্ধ পাওয়া যায়।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি শাহ্ জামান বলেন, নিহত জাহানারার লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তার পরিবার অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!