ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

মোটরসাইকেল চুরির অভিযোগে দুই মেম্বার প্রার্থী কারাগারে

শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪৭, ১৪ ডিসেম্বর ২০২১
মোটরসাইকেল চুরির অভিযোগে দুই মেম্বার প্রার্থী কারাগারে
মোটরসাইকেল চুরির অভিযোগে দুই মেম্বার প্রার্থী গ্রেফতার। ছবি: ডেইলি বাংলাদেশ

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় মোটরসাইকেল চুরির অভিযোগে দুই মেম্বার প্রার্থীকে গ্রেফতার করেছে পুলিশ। 

জানা যায়, উপজেলার কেদারপুরের বাসিন্দা ইতালী প্রবাসী মো. মুরাদ মাদবর গত ১২ ডিসেম্বর বিকেল পৌনে ৩টার দিকে নড়িয়া বাজারের ঝুমুর হোটেলের সামনের পাকা সড়কের পাশে তার মোটরসাইকেল রেখে কাজে যান। অজ্ঞাতনামা ব্যক্তিরা তার মোটরসাইকেল চুরি করে নিয়ে যায়।

১৩ ডিসেম্বর রাত সাড়ে ১২টার দিকে মুরাদ বাদী হয়ে নড়িয়া থানায় একটি মামলা করেন। এক ঘণ্টার মধ্যে পুলিশ অভিযান চালিয়ে নড়িয়া উপজেলার কেদারপুর ইউপির ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী বাশার পাইক এবং কেদারপুর ২ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী আতাহার খানকে গ্রেফতার করে। এ সময় বাশার পাইকের কাছ থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। মঙ্গলবার বিকেল ৪টার দিকে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।

এসআই মো. হায়দার আলী বলেন, মামলার ভিত্তিতে মোটরসাইকেল চোর চক্রের দুজনকে গ্রেফতার করেছি। তাদের সঙ্গে জড়িতদের গ্রেফতারের অভিযান চলছে। 

নড়িয়া উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী পঞ্চম ধাপে শরীয়তপুরের নড়িয়া উপজেলার ১৪টি ইউপিতে নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে গত ২৭ নভেম্বর। ৯ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল। ১২ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই ছিল। ১৯ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। ৫ জানুয়ারি এসব ইউনিয়নে ভোট গ্রহণ করার কথা রয়েছে। মনোনয়নপত্র বাছাইয়ে আতাহার খান ও বাশার পাইক মেম্বার প্রার্থী হিসেবে বৈধতা পান। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!