রাতে বাড়ি না ফেরা যুবকের লাশ ঝুলছে গাছে, হাঁটু ছিল মাটিতে
গাজীপুরের শ্রীপুরে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে উপজেলার কাওরাইদ ইউনিয়নের পন্ডিতের ভিটা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহতের নাম হাবিবুল বাশার। ৩৫ বছর বয়সী হাবিবুল কাওরাইদ ইউনিয়নের বেলদিয়া গ্রামের মো. খায়রুল প্রধানের ছেলে। তার কাওরাইদ বাজারে ফার্মেসির দোকান রয়েছে।
নিহতের বাবা মো. খায়রুল প্রধান বলেন, শনিবার সকালে বাড়ি থেকে দোকানের উদ্দেশ্যে বের হয় হাবিবুল। রাতে বাড়িতে না ফেরায় দোকানে গিয়ে দেখি দোকান খোলা। এ সময় তার ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও বন্ধ পাওয়া যায়। রোববার সকালে স্থানীয়দের মাধ্যমে পন্ডিতের ভিটা এলাকায় ঝুলন্ত লাশ উদ্ধারের খবর পেয়ে যাই। পরে লাশটি হাবিবুলের বলে শনাক্ত করি।
স্থানীয়রা জানায়, লাশের হাঁটু মাটিতে ছিল আর গলায় দড়ি লাগানো ছিল। এটা কোনোভাবেই আত্মহত্যা হতে পারে না। এটা পরিকল্পিত হত্যাকাণ্ড। সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের খুঁজে বের করা দাবি জানান তারা।
শ্রীপুর থানার ওসি খোন্দকার ইমাম হোসেন জানান, লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হবে।