বিবাদ ঠেকাতে গিয়ে ছুরিকাঘাতে নিজেই হলেন লাশ
গোপালগঞ্জে 'ফ্রি ফায়ার গেম' নিয়ে দুই পক্ষের বিবাদ ঠেকাতে গিয়ে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার ভোজেরগাতি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম কবির সরদার।
গোপালগঞ্জ সদর থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, মঙ্গলবার সন্ধ্যার দিকে ভোজরগাতি গ্রামের ভোজরগাতি প্রাথমিক বিদ্যালয়ের ছাদে ওই গ্রামের জাহিদ শেখের ছেলে মো. হাসান শেখ ও লোকমান সরদারের ছেলে টিটু সরদারের ছেলে বন্ধুদের নিয়ে মোবাইলে ফ্রি ফায়ার গেম খেলছিলো। এ নিয়ে একপর্য়ায়ে টিটু সরদার ও হাসান শেখের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে ইউনিয়ন মেম্বর আরোজ আলী বিষয়টি মিমাংসা করে দেন।
তিনি জানান, কিছুক্ষণ পরই প্রাইমারি স্কুলের সামনে জাহিদ শেখ প্রতিপক্ষ টিটু সরদারের ওপর ধারালো ছুরি দিয়ে আক্রমণ করে। অবস্থা বেগতিক দেখে কবির সরদার উভয়ের বিবাদ নিবৃত্ত করতে এগিয়ে আসেন। এ সময় জাহিদ শেখের ধারালো ছুরির আঘাতে কবির সরদার ও টিটু সরদার মারাত্মক আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক কবির সরদারকে মৃত ঘোষণা করেন। আহত টিটু সরদারকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এই কর্মকর্তা আরো জানান, এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান শুরু হয়েছে।