বিদ্যুৎস্পৃষ্টে পুড়ে গেল শরীর, খুঁটিতে ঝুলছিল লাশ
কুষ্টিয়ার কুমারখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ইন্টারনেট সংযোগ মিস্ত্রির মৃত্যু হয়েছে। শনিবার বেলা ১১ টার দিকে আলাউদ্দিন নগর মোড়ে চড়াইকোল বৈদ্যুতিক পোলে ইন্টারনেটের তার টানার সময় এই ঘটনা ঘটে।
মৃত সবুজ কুমারখালী উপজেলার চাপড়া ইউপির পশ্চিম লাহিনী পাড়া গ্রামের জালাল উদ্দিন মোল্লার ছেলে।
স্থানীয়রা বলেন, ইন্টারনেটের লাইন মেরামতের জন্য খুঁটিতে উঠে কাজ করছিলেন সবুজ। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার শরীরে আগুন ধরে যায়। পরে সেখানেই ঝুলে ছিল তার লাশ। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে খুঁটি থেকে তার লাশ উদ্ধার করেন।
কুমারখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইন্সপেক্টর মুক্তার উদ্দিন জানান, কুষ্টিয়ার পিন্টু, বিশ্ব ও ইয়াজ নামের ব্যক্তিদের ইন্টারনেটের ক্যাবল পল্লী বিদ্যুতের পোলের সঙ্গে বাঁধার সময় অসাবধানতা বশতঃ কারেন্টের তারের সঙ্গে হাত লেগে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার লাশ পোলের সঙ্গেই ঝুলতে থাকে। ১ ঘণ্টার চেষ্টায় তাকে পোল থেকে নিচে নামানো হয়। পরবর্তীতে কুমারখালী থানা পুলিশের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
কুমারখালী থানার ওসি কামরুজ্জামান তালুকদার জানান, ইন্টারনেটের তার টানানোর সময় বৈদ্যুতিক পোলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে একজন মিস্ত্রি মারা গেছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।