ঢাকা,  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

ফরিদপুরে ভ্যানচালক পারভেজ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, গ্রেফতার ৪

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৭:২৫, ২৯ অক্টোবর ২০২১
ফরিদপুরে ভ্যানচালক পারভেজ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, গ্রেফতার ৪
ফরিদপুরে ভ্যানচালক পারভেজ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ এলাকায় ভ্যানচালক পারভেজ ফকিরকে হত্যার পর ভ্যান লুটের ঘটনার ১৪ দিনের মধ্যে রহস্য উদঘাটন করেছে পুলিশ। এরই মধ্যে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও চারজনকে গ্রেফতার করা হয়েছে। 

শুক্রবার বেলা ১১টার দিকে ভাঙ্গা থানা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

গ্রেফতারকৃতরা হলো- মাদারীপুরের শিবচর উপজেলার উতরাইল গ্রামের নুরু মুন্সির ছেলে আজিজুল মুন্সি, শরীফকান্দি গ্রামের ছালাম মাতুব্বরের ছেলে হৃদয় মাতুব্বর, ভাঙ্গা পৌর এলাকার কাপুড়িয়া সদরদী গ্রামের রতন শেখের ছেলে ভাঙ্গারী ব্যবসায়ী আব্দুল শেখ, ছিলাধরচর গ্রামের সামচু শেখের ছেলে ফজল শেখ।

নিহত ভ্যানচালক পারভেজ মাদারীপুরের শিবচরের চরজানাজাত ইউনিয়নের ফকির রনাই মুন্সিকান্দি গ্রামের বাবুল ফকিরের ছেলে। গত ১৪ অক্টোবর ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ গ্রামের ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। ঐ ঘটনায় অজ্ঞাতদের বিরুদ্ধে হত্যা মামলা করেন নিহতের বাবা।

ভাঙ্গা থানার ওসি সৈয়দ লুৎফর রহমান জানান, বৃহস্পতিবার গভীর রাতে প্রযুক্তির মাধ্যমে অব্স্থান শনাক্ত করে চারজনকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে আজিজুল ও হৃদয় খুনের সঙ্গে সরাসরি জড়িত। বাকি দুজনকে নিহতের ভ্যানগাড়িটি বেচাকেনায় জড়িত।

তিনি আরো জানান, হত্যাকাণ্ডে জড়িতরা মাদকাসক্ত। মাদকের টাকা জোগাড় করতেই তারা ভ্যানচালক পারভেজকে ফুসলিয়ে নাসিরাবাদে নিয়ে হত্যা করে। এরপর তার মোবাইল পাশের ডোবায় ফেলে দিয়ে ভ্যানগাড়িটি নিয়ে বিক্রি করে দেয়।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!