সিঁদ কেটে কান ছিঁড়ে গৃহবধূদের অলংকার ছিনতাই, আতঙ্কে নারীরা
ময়মনসিংহের নান্দাইল ও ঈশ্বরগঞ্জ উপজেলার পাশাপাশি দুটি গ্রামের তিনটি বাড়ি থেকে গভীর রাতে তিন গৃহবধূর কান ছিঁড়ে স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।
সোমবার রাত ২ থেকে ৪টার মধ্যে পাশাপাশি দুটি গ্রামের তিনটি বাড়িতে এসব ঘটনা ঘটে।
জানা যায়, রাত তিনটার দিকে নান্দাইল উপজেলার চন্ডিপাশা ইউপির চামারুল্লাহ গ্রামের তারা মিয়ার স্ত্রী খালেদা আক্তার প্রাকৃতিক ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হয়। হঠাৎ একাধিক অজ্ঞাত ব্যক্তি তার দু'কানের ফুল ধরে সজোরে টান দিয়ে কান ছিঁড়ে ফুল নিয়ে দ্রুত পালিয়ে যায়। তার ডাক চিৎকারে বাড়ির লোকজন জেগে উঠলেও কাউকে খোঁজে পায় নি। পরে তাকে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
একই গ্রামের মোফাজ্জল শেষ রাতের দিকে বাড়ির পেছন থেকে মাছ ধরার বাঘা তোলে ঘরের দরজা খোলে রেখে ঘুমিয়ে পড়েন। এই সুযোগে একটি চোর চক্র ঘরে ঢোকে তার স্ত্রী সুফিয়া আক্তারের কান ছিঁড়ে ফুল নিয়ে পালিয়ে যায় চক্রটি।
অপরদিকে ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ি ইউপির বেহত্তরি গ্রামের মামুনের বাড়িতে সিঁদ খেটে ঘরে ঢোকে এক নারীর পায়ের নুপুর, গলার চেইনসহ কানের ফুল নিয়ে পালিয়ে যায় চক্রটি।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য কামাল মিয়া জানান, আমার চাচাতো ভাইয়ের বউসহ পাশাপাশি দুটি বাড়িতে এমন ঘটনা ঘটেছে। এতে নারীরা অজানা আতঙ্কে ভুগছেন। তাদের আইনি আশ্রয়ের পরামর্শ দিয়েছি।
এ বিষয়ে নান্দাইল মডেল থানার ওসি মিজানুর রহমান আকন্দ জানান, এসব ঘটনায় থানায় অভিযোগ দেয় নি।