শ্যালকসহ এবার সেই ‘দুলাভাই’ গ্রেফতার
মো. জয়নাল আবেদীন। যাকে সবাই চেনেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে। কিন্তু এর আড়ালে আরো একটি পরিচয় রয়েছে তার। দুদিন আগে ২০ হাজার ইয়াবাসহ দুজনকে গ্রেফতার করে চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানা পুলিশ। জিজ্ঞাসাবাদে সেসব ইয়াবার যোগানদাতা হিসেবে ‘দুলাভাই’ নামে একজনের নাম প্রকাশ করেন তারা। আর সেই দুলাভাই হলেন জয়নাল আবেদীন।
সেই ঘটনার দুদিন পর এবার দুই সহযোগীসহ জয়নাল আবেদীনকেও গ্রেফতার করেছে ডবলমুরিং থানা পুলিশ। বুধবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেন থানার ওসি মোহাম্মদ মহসীন।
এর আগে, মঙ্গলবার রাতে দেওয়ানহাট মোড় এলাকা থেকে ১৭শ’ ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্যমতে বায়েজিদ বোস্তামী থানার হাজীরপুল এলাকার বাসায় অভিযান চালিয়ে উদ্ধার করা হয় আরো ২০ হাজার ইয়াবা। গ্রেফতার করা হয় দুই সহযোগীকে।
গ্রেফতার জয়নাল কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার জুলহারপাড়া এলাকার মো. সিদ্দিক আহমেদের ছেলে।
অন্যরা হলেন- তার শ্যালক মো. মোবারক হোসেন ও মো. রেজাউল করিম দিদার।
ওসি বলেন, জয়নাল মূলত ইয়াবার গডফাদার। তাকে সবাই ‘দুলাভাই’ নামে চেনেন। চট্টগ্রাম থেকে ইয়াবার অন্যতম যোগানদাতা তিনি। তার আসল নাম কেউ জানেন না, কেউ কখনো তাকে দেখেননি। শুধুমাত্র একটি মোবাইল নম্বরই ছিল নির্দিষ্ট সময়ের জন্য তার পরিচয়। সেই নম্বরে ফোন করলেই তিনি ইয়াবা নিয়ে হাজির হতেন। এরপর সেই নম্বরটি পাল্টে ফেলতেন।
ওসি বলেন, জয়নালের ইয়াবা কারবারের ঘটনা জানেন না কেউ। সবার কাছে তিনি স্কুল শিক্ষক হিসেবে পরিচিত। খুরুশকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করতেন তিনি। এর আগেও একবার ইয়াবাসহ গ্রেফতার হন। মূলত কক্সবাজার থেকে ইয়াবা এনে তা দেশের বিভিন্ন স্থানের মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের কাছে সরবরাহ করতেন জয়নাল। মামলার পর বুধবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।