ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

বনের ভেতর কয়লা কারখানা, ছড়াচ্ছে ব্যাধি

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৫৩, ১৯ জুলাই ২০২১
বনের ভেতর কয়লা কারখানা, ছড়াচ্ছে ব্যাধি
ভালুকায় কয়লা কারখানা থেকে নির্গত ধোঁয়া ছড়িয়ে পড়ছে লোকালয়ে, বাড়ছে ব্যাধি

ময়মনসিংহের ভালুকায় সংরক্ষিত বনাঞ্চলের ভেতর অবৈধভাবে গড়ে উঠেছে কয়লা কারখানা। এসব কারখানায় পোড়ানো হচ্ছে শাল, গজারি, ইউক্যালিপটাস, মেহগনিসহ নানা প্রজাতির গাছ। কারখানার ধোঁয়ায় দূষিত হচ্ছে পরিবেশ, ছড়াচ্ছে নানা ব্যাধি।

খোঁজ নিয়ে জানা গেছে, ওই উপজেলার উথুরা ইউনিয়নের চামিয়াদী বাজারের পাশে ইমান আলীর ছেলে আব্দুল কাদের মিয়ার একটি কয়লার কারখানা রয়েছে। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে বনাঞ্চল ঘেঁষে এবং ঘনবসতিপূর্ণ এলাকায় কারখানা চালাচ্ছেন তিনি। দিন-রাত এ কারখানায় পোড়ানো হচ্ছে কাঠ। নির্গত ধোঁয়া ছড়িয়ে পড়ছে গ্রামে। অসুস্থ হচ্ছে আশপাশের মানুষ, গাছ, পশু-পাখি, ক্ষতিগ্রস্ত হচ্ছে ফসল।

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) ময়মনসিংহ শাখার জ্যেষ্ঠ গবেষণা কর্মকর্তা সোমনাথ লাহিরী বলেন, বনের ১০ কিলোমিটারের মধ্যে করাতকলসহ বন ও পরিবেশ বিধ্বংসী কোনো কারখানা গড়ে তোলা বেআইনি।

আব্দুল কাদের মিয়ার কয়লা কারখানা থেকে ১০০ গজ দূরে আব্দুল জলিল মিয়ার বাড়ি। তিনি বলেন, দিনরাত কারাখানার ধোঁয়া ও গন্ধে বাড়িতে থাকা যায় না। পরিবারের প্রায় সবাই কোনো না কোনো অসুখে আক্রান্ত। বিশেষ করে কাশি তো আছেই।

উথুরা বন বিট কর্মকর্তা বলেন, সামাজিক বনায়ন ঘেঁষে এসব কয়লা কারখানা গড়ে উঠলেও এটা বনবিভাগের জমিতে নয়, পাবলিকের জমিতে গড়ে ওঠেছে। বিষয়টি দেখভালের দায়িত্ব পরিবেশ অধিদফতর ও স্থানীয় প্রশাসনের। এসব কারখানা উচ্ছেদের বিষয়ে উপজেলা প্রশাসনকে লিখিতভাবে অবহিত করা হয়েছে।

ভালুকার ইউএনও সালমা খাতুন বলেন, বনাঞ্চল ও লোকালয় সংলগ্ন এলাকায় কয়লা কারখানা স্থাপনের বিষয়টি জানা ছিল না। শিগগিরই কারখানাটি উচ্ছেদে অভিযান চালানো হবে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!