ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

অভয়নগরে কয়লাবোঝাই জাহাজ ডুবি

যশোর প্রতিনিধি 
প্রকাশিত: ১৭:৫৩, ২০ এপ্রিল ২০২১
অভয়নগরে কয়লাবোঝাই জাহাজ ডুবি
ভৈরব নদে ৩৫০ মেট্রিক টন কয়লাবোঝাই এমভি মুসা ইব্রাহিম নামের জাহাজটি ডুবে যায়

যশোরের অভয়নগরে কয়লাবোঝাই একটি জাহাজ ডুবির ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যায় উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের বিভাগদী এলাকার ভৈরব নদে ৩৫০ মেট্রিক টন কয়লাবোঝাই এমভি মুসা ইব্রাহিম নামের জাহাজটি ডুবে যায়।

জাহাজের মাস্টার শহিদুল ইসলাম জানান, দক্ষিণ আফ্রিকা থেকে বসুন্ধরা গ্রুপের আমদানি করা কয়লা মোংলা বন্দরের হাড়বাড়িয়া আসে। সেখান থেকে এমভি মুসা ইব্রাহিম নামের জাহাজে ৩৫০ মেট্রিক টন কয়লা লোড করে যশোরের নওয়াপাড়ার বন্দরের উদ্দেশ্যে যাত্রা করে। গত ১৪ এপ্রিল সকালে জাহাজটি উপজেলার বিভাগদী গ্রামের কার্পেটিং জুট মিল সংলগ্ন ভৈরব নদের একটি ঘাটে নোঙর করে। ঘাটে নোঙর করার পর সোমবার কয়লা আনলোড করার প্রক্রিয়া চলছিল। দুপুরের পর জাহাজের তলদেশ ছিদ্র হয়ে পানি ঢুকতে শুরু করে। এদিন সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে কয়লাসহ জাহাজটি ডুবে যায়। 

বসুন্ধরা গ্রুপের নওয়াপাড়াস্থ বিক্রয় প্রতিনিধি আবদুস সাত্তার জানান, দক্ষিণ আফ্রিকা থেকে আমদানি করা কয়লা বিক্রির জন্য নওয়াপাড়ায় আনা হয়। সোমবার সন্ধ্যায় ৩৫০ মেট্রিক টন কয়লাবোঝাই জাহাজটি ডুবে যায়। যার আনুমানিক মূল্য ৩১ লাখ ৫০ হাজার টাকা। 

নওয়াপাড়া নদী বন্দরের সহকারী পরিচালক মো. ফরিদুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। দ্রুত উদ্ধার কাজের নির্দেশনা দেয়া হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

এর আগে গত ২৭ মার্চ এমভি প্রবাহ এন্টারপ্রাইজ-২ নামের কয়লাবোঝাই আরো একটি জাহাজ রাজঘাট এলাকায় সাহারা গ্রুপের ঘাটে ডুবে যায়। ডুবে যাওয়া জাহাজে সাহারা গ্রুপের ৭৬৫ মেট্রিক টন কয়লা ছিল। 

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!