হবিগঞ্জে আধিপত্য নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, ওসিসহ অর্ধশতাধিক আহত
হবিগঞ্জের বানিয়াচংয়ে এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষে ওসি মো. এমরান হোসেনসহ উভয় পক্ষের অর্ধশতাধিক লোক আহত হয়েছে।
শনিবার রাত পৌনে ১১টা থেকে পৌনে ১২টা পর্যন্ত বানিয়াচং উপজেলার ১ নম্বর উত্তর-পূর্ব ইউনিয়নের মাতাপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে ।
জানা যায়, মাতাপুর গ্রামের রমজান মিয়া ও এসএম হাফিজুরের দলের মধ্যে দীর্ঘদিন যাবৎ এলাকার আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে স্থানীয় আদর্শ বাজারে ঘণ্টাব্যাপী এ সংঘর্ষের সূত্রপাত হয়।
.png)
শনিবার রাতে স্থানীয় আদর্শবাজারের কমিটি গঠনকে কেন্দ্র করে পক্ষদ্বয়ের মধ্যে তীব্র বাদানুবাদের এক পর্যায়ে উভয়পক্ষ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়।
খবর পেয়ে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরান হোসেনের নেতৃত্বে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উভয়পক্ষকে ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এ সময় দাঙ্গাকারীদের ইট-পাটকেলের আঘাতে ওসি মো. এমরান হোসেন আহত হন।
আহত ওসি বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। অন্যদিকে, রমজান মিয়ার দলের মুবিন মিয়া (১১) নামে গুরুতর আহত এক শিশুকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
ঘটনার পর রমজান মিয়া ও হাফিজুর রহমানের পক্ষ হতে লুটপাট ও ভাঙচুরের পাল্টাপাল্টি অভিযোগ আনা হয়।
অপরাধীদেরকে ধরতে পুলিশ অভিযান চলছে বলে জানিয়েছেন, বানিয়াচং থানার ওসি (তদন্ত) প্রজিত কুমার দাশ।