ঢাকা,  শুক্রবার   ০২ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাগুরায় বিপুল পরিমাণ নকল সার ও কীটনাশক উদ্ধার

মাগুরা প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৩৫, ১৯ ফেব্রুয়ারি ২০২১
মাগুরায় বিপুল পরিমাণ নকল সার ও কীটনাশক উদ্ধার
মাগুরা সদর উপজেলার জগদল বাজারে একটি গোডাউন থেকে বিপুল পরিমাণ নকল সার ও কীটনাশক উদ্ধার

মাগুরা সদর উপজেলার জগদল বাজারে একটি গোডাউন থেকে বিপুল পরিমাণ নকল সার ও কীটনাশক উদ্ধার করা হয়েছে। 

বিএডিসি ও বিসিআইসি’র অনুমোদন ছাড়াই মোস্তাফিজুর রহমান কাজল নামে এক ব্যক্তি মজুতের পাশাপাশি স্থানীয় ছোট ছোট ব্যবসায়ীদের কাছে এসব নকল সার-কীটনাশক বিক্রি করে আসছিল।

মাগুরার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নূর এ নবী জানান, মাগুরার সদর উপজেলার শ্রীকান্তপুর গ্রামের কালাম শিকদারের ছেলে মোস্তাফিজুর রহমান কাজলের সরকারি কোনো অনুমোদন নেই। অথচ তিনি দীর্ঘদিন যাবত জগদল বাজারের একটি গোডাউনে সার-কীটনাশক মজুত করে ব্যবসা করে আসছিলেন। বিষয়টি জানার পর ইউএনও আবু সুফিয়ানের উপস্থিতিতে অভিযান চালিয়ে ১৪ হাজার ৭৫০ কেজি টিএসপি, ২০৪ কেজি জিঙ্ক সালফেট, ১ হাজার ৮২৬ বোতল ফুরডানসহ ১৪ প্রকারের সার-কীটনাশক উদ্ধার করা হয়।

Advertisement

কাজল জগদল বাজারে আমজাদ হোসেন নামে এক ব্যক্তির ঘর ভাড়া নিয়ে গোডাউন হিসেবে ব্যবহার করে আসছিলেন। ভাড়াকৃত ওই গোডাউন থেকে উদ্ধারকৃত সার-কীটনাশক ল্যাবরেটরিতে পরীক্ষা করে দেখা গেছে, টিএসপি সারে ৪৬ শতাংশ ফসফরাস থাকার কথা থাকলেও এই সারের বস্তার মিশ্রণে কোনো ফসফরাস পাওয়া যায়নি। 

আবার জিঙ্ক সালফেটের মিশ্রনে ৩৬ শতাংশ জিঙ্ক এবং ১৭.৫ শতাংশ সালফার থাকার কথা। কিন্তু ওই গোডাউনে বিভিন্ন কোম্পানির নামে যেসব জিঙ্ক সালফেট পাওয়া যায় তার মিশ্রণে মাত্র ১.১ শতাংশ জিঙ্ক পাওয়া গেছে। সালফারের কোনো অস্তিত্বই নেই। এমনিভাবে দেশি বিদেশি বিভিন্ন কোম্পানির নামে তৈরি প্রায় ১৪ প্রকারের নকল বিভিন্ন সার ও কীটনাশক মজুদ করা হয়েছিল বলে তিনি জানান।

এ বিষয়ে মাগুরা সদর উপজেলা কৃষি কর্মকর্তা আবু তালহা জানান, গোপন সংবাদের প্রেক্ষিতে ওই গোডাউনে মজুতকৃত মালামাল শুক্রবার দুপুরে পুলিশের উপস্থিতিতে উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে সদর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতিও চলছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!