ঢাকা,  শুক্রবার   ০২ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

সমুদ্রপথে মালয়েশিয়াগামী ৭৬ জনকে উদ্ধার

পাচার চক্রের ১১ জন আটক
ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১০:৪৪, ২ অক্টোবর ২০২৬
সমুদ্রপথে মালয়েশিয়াগামী ৭৬ জনকে উদ্ধার
ছবি: সংগৃহীত

সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়াগামী একটি বোটসহ ৭৬ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে ১১ জনকে মানব পাচারকারী চক্রের সদস্য হিসেবে শনাক্ত করে আটক করা হয়েছে। বাকি ৬৫ জন মালয়েশিয়া যাওয়ার কথা বলে পাচারকারীদের প্রতারণার শিকার হয়েছেন বলে জানিয়েছে নৌবাহিনী।

বুধবার রাতে সেন্টমার্টিন লাইট হাউস থেকে আনুমানিক ৮১ মাইল দূরে নৌবাহিনীর জাহাজ বানৌজা খালিদ বিন ওয়ালিদ অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে।

নৌবাহিনী জানায়, মাছ ধরার বোট এফভি ক্রিস্টাল-১ সমুদ্রে ইঞ্জিন বিকল অবস্থায় একটি কাঠের বোট ভাসতে দেখে। বোটে থাকা কয়েকজনের আচরণ সন্দেহজনক মনে হলে বিষয়টি নৌবাহিনীকে জানানো হয়। পরে খবর পেয়ে বানৌজা খালিদ বিন ওয়ালিদ ঘটনাস্থলে গিয়ে বোটটি উদ্ধার করে।

Advertisement

নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, উদ্ধারকালে কাঠের বোটটিতে পানি প্রবেশ করছিল। এ সময় নৌবাহিনীর সদস্যরা দ্রুত পানি নিষ্কাশন করে বোটের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে বোটে থাকা ৭৬ জনকে উদ্ধার করা হয়।

নৌবাহিনী আরও জানায়, উদ্ধার হওয়া ৭৬ জনের মধ্যে ১১ জনকে মানব পাচারকারী চক্রের সদস্য হিসেবে শনাক্ত করা হয়েছে। তাদের আটক করা হয়েছে। অপর ৬৫ জন মালয়েশিয়ায় নেওয়ার কথা বলে প্রতারণার শিকার হয়েছেন। তাদের অধিকাংশকে পাচারকারীরা অপহরণ করে টেকনাফের দুর্গম এলাকায় আটকে রেখেছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।

উদ্ধার হওয়া ব্যক্তিদের নৌবাহিনীর পক্ষ থেকে প্রাথমিক চিকিৎসা, খাবার ও সহায়তা দেওয়া হয়েছে। আটক ১১ ব্যক্তি ও জব্দ করা বোটটি টেকনাফ থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে বলে জানিয়েছে নৌবাহিনী।

ডেইলি-বাংলাদেশ/জেডআই
লিংক সফলভাবে কপি হয়েছে!