ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ট্রাক্টরের চাপায় সড়কে ঝরল দুই মোটরসাইকেল আরোহীর প্রাণ

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৩:০৪, ১৯ ফেব্রুয়ারি ২০২১
ট্রাক্টরের চাপায় সড়কে ঝরল দুই মোটরসাইকেল আরোহীর প্রাণ
মরদেহ (ফাইল ছবি)

দিনাজপুরের বিরল উপজেলায় ট্রাক্টরের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর ২টায় উপজেলার ধর্মপুর ইউনিয়নের কামদেবপুর সড়কের শালবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ধর্মপুর গ্রামের নিতাই চন্দ্র বর্মনের ছেলে স্বাধীন চন্দ্র বর্মন এবং একই এলাকার কাইচালু চন্দ্রের ছেলে কার্তিক চন্দ্র। এ ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন অপর এক আরোহী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার ধর্মজৈন বাজার এলাকা থেকে তিন বন্ধু মোটরসাইকেলে ধর্মপুরে বাড়ির দিকে যাচ্ছিলেন। শালবাগান এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুইজন মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তার ওপর পড়ে যান। অপরজন রাস্তার পাশে ক্ষেতের মধ্যে পড়ে যান। এ সময় রাস্তায় পড়ে থাকা দুজনের মধ্যে একজনের মাথা ও অন্যজনের বুকের ওপর দিয়ে ট্রাক্টরের চাকা চলে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান চালক স্বাধীন চন্দ্র বর্মন। আর হাসপাতালে নেয়ার পথে মারা যান কার্তিক চন্দ্র।

বিরল থানার পরিদর্শক রফিকুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিহত স্বাধীন চন্দ্রের পরিবারের কোনও আপত্তি না থাকায় সুরতহাল শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। কার্তিক চন্দ্রের মরদেহ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!