ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

ঘুম থেকে দেরিতে উঠে মেহমানের নাস্তা তৈরি না করায় গৃহকর্মীকে খুন

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৪১, ২৯ জানুয়ারি ২০২১
ঘুম থেকে দেরিতে উঠে মেহমানের নাস্তা তৈরি না করায় গৃহকর্মীকে খুন
গৃহকর্মী সাবিনা (ফাইল ছবি)

বাসায় মেহমান আসায় গৃহকর্মীকে বলা হয় নাস্তা তৈরি করতে। তবে শারীরিক অসুস্থতার জন্য নাস্তা বানাতে অপারগতা প্রকাশ করেন গৃহকর্মী সাবিনা। এরপর সেই মেহমান চলে গেলে সাবিনার ওপর নেমে আসে নির্যাতন। একপর্যায়ে হত্যা করা হয় তাকে। পরে সেই লাশ লাগেজে ভরে ফেলে আসা হয় ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের পাশে।

গেল বছরের ৯ নভেম্বরে ময়মনসিংহের গৌরীপুরে সড়কের পাশে লাগেজের ভেতর থেকে এক নারীর মরদেহ উদ্ধারের ঘটনায় রহস্য উন্মোচন করলো পিবিআই ময়মনসিংহ। সেখান থেকেই জানা গেল এমন চাঞ্চল্যকর তথ্য। এ ঘটনায় গৃহকর্তা ও তার স্ত্রীকে গ্রেফতার করেছে পিবিআই। অপরাধ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন অপরাধীও।

শুক্রবার দুপুরে পিবিআই ময়মনসিংহ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অভিযুক্ত ইঞ্জিনিয়ার আবুল খায়ের জবানবন্দির ভিত্তিতে এসব তথ্য জানান।

পিবিআই ময়মনসিংহের এসপি গৌতম কুমার বিশ্বাস জানান, গত ৯ নভেম্বর ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের গৌরীপুরে লাল এক লাগেজ থেকে উদ্ধার করা হয় নারীর লাশ। পরে এ ঘটনায় তদন্তে নামে পিবিআই। শনাক্ত হয় সদরের ঘাগড়া এলাকায় সিরাজুল ইসলামের মেয়ে সাবিনার লাশ এটি। তিনি গৃহকর্মীর কাজ করতেন ময়মনসিংহ শহরের তৈমুর এক্সেল টাওয়ারের ১৪ তলায় ইঞ্জিনিয়ার আবুল খায়েরের বাসায়। সেখানেই হত্যা করা হয় সাবিনাকে।

তিনি আরো জানান, এ ঘটনায় বুধবার (২৭ জানুয়ারি) রাতে নিজ বাসা থেকে গ্রেফতার করা হয় ইঞ্জিনিয়ার আবুল খায়ের ও তার স্ত্রী রিফাত জেসমিনকে। জিজ্ঞাসাবাদের পর তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!