ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ আইন-আদালত ]

গৃহকর্মীকে হত্যার কথা স্বীকার গৃহকর্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:৫৮, ২৫ অক্টোবর ২০১৯
গৃহকর্মীকে হত্যার কথা স্বীকার গৃহকর্ত্রীর
ফাইল ফটো

রাজধানীর মোহাম্মদপুরে গৃহকর্মী জান্নাতীকে (১২) হত্যার কথা স্বীকার করেছে গৃহকর্ত্রী রোকসানা পারভীন। এ বিষয়ে তিনি অদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় দায়েরকৃত মামলার অপর আসামি গৃহকর্তা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সাঈদ আহমেদ পলাতক রয়েছেন। 

মোহাম্মদপুর থানার ওসি (তদন্ত) জিজি বিশ্বাস গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

থানা সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে রোকসানা পারভীন জান্নাতীকে সোহরাওয়ার্দী  হাসপাতালে নিয়ে আসেন। সেখানকার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পরে হাসপাতাল থেকে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে মরদেহের শরীরে আঘাতের চিহ্ন দেখতে পায়। যদিও গৃহকর্ত্রী ওইসময় পুলিশকে জানিয়েছিল জান্নাতীর মৃগি রোগ আছে। মাঝেমধ্যেই সে অসুস্থ হয়ে পড়তো। 

মঙ্গলবার রাতেও সে অসুস্থ হলে তিনি তাকে হাসপাতালে নিয়ে আসেন। তবে পুলিশের সন্দেহ হলে রোকসানাকে জিজ্ঞেসাবাদের জন্য আটক করা হয়। পরে জান্নাতীর বাবা জানু মোল্লাকে খবর দেয়া হলে তিনি বৃহস্পতিবার এ ঘটনায় একটি মামলা করেন।

পুলিশি জিজ্ঞেসাবাদের এক পর্যায়ে রোকসানা পারভীন স্বীকার করেন, মারধরের কারনে জান্নাতীর মৃত্যু হয়। মঙ্গলবার রাতে তাকে মারধরের সময় দেয়ালের সঙ্গে জান্নাতীর মাথা ধাক্কা লাগলে সে অজ্ঞান হয়ে পড়ে। পরে তাকে হাসপাতালে নেয়া হলে সে মারা যায়। 

ওসি আরো জানান, রোকসানাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের ইচ্ছা থাকলেও তিনি ১৬৪ ধারায় জবানবন্দি দিতে রাজি হওয়ায় তাকে আর রিমান্ডে নেয়ার প্রয়োজন হয়নি। শুক্রবার ঢাকার একটি আদালতে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!