বগুড়ায় জঙ্গি সংগঠনের সদস্য গ্রেফতার
নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসার-আল ইসলাম’ এর এক সদস্যকে গ্রেফতার করেছে বগুড়া জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। সোমবার রাতে শিবগঞ্জ উপজেলার মোকামতলা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম হামিদুর রহমান সুমন। সুমন নরসিংদি জেলার রায়পুর উপজেলার কাচারীকান্দী গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মাহমুদুর রহমান।
পুলিশের দাবি, সুমন আনসার-আল ইসলামের দাওয়াতি বিভাগের সক্রিয় সদস্য। তিনি দাওয়াতি কার্যক্রম ও অর্থ সংগ্রহের জন্য তিনি বিভিন্ন জেলায় সফর করে আসছিলেন । এছাড়া সংগঠনের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে এনক্রিপ্টেড ম্যাসেজের মাধ্যমে তার যোগাযোগ ছিল।
জেলা ডিবির ওসি আব্দুর রাজ্জাক জানান, সুমন প্রাথমিক জিজ্ঞাসাবাদে আনসার আল ইসলামের সদস্য বলে স্বীকার করেছেন। তার কাছ থেকে জিহাদি বই, লিফলেট উদ্ধার করা হয়েছে। সুমনের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়েছে। তাকে আদালতে পাঠিয়ে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করা হবে।
তিনি আরো বলেন, সুমনের বিরুদ্ধে নরসিংদির রায়পুরা থানায়, নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা রয়েছে। মামলায় পলাতক থেকে দেশের বিভিন্ন অঞ্চলে তিনি নিষিদ্ধ ঘোষিত আনসার আল ইসলামকে সংগঠিত করতে দাওয়াতি কার্যক্রম ও ধর্মীয় উগ্রবাদ প্রচার করে আসছিলেন।